জঙ্গিবিরোধী বক্তব্য প্রদান করতে ওলেমাদের প্রতি বাবরের আহ্বান
দেশজুড়ে সাম্প্রতিক বোমা হামলার প্রেক্ষিতে শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হতে যাওয়া তিনদিনের বিশ্ব ইজতেমায় জঙ্গিবিরোধী বক্তব্য দিতে ওলেমাদের প্রতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আহ্বান জানিয়েছেন।
ইজতেমার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা স্বচক্ষে দেখার জন্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টঙ্গীর তুরাগ নদীর ইজতেমাস্থলে গিয়ে বুধবার এ আহ্বান জানান। এ সময় তার সঙ্গে ছিলেন--পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ূম, র্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান।
বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা, ব্যবস্থাপনা ও যাতায়াত তদারকি করতে ২০ হাজারেরও বেশি পুলিশ ও র্যাব সদস্য নিয়োজিত থাকবে। একই সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আনসার, বিডিআর ও সেনা সদস্যরাও নিরাপত্তা রক্ষায় সক্রিয় থাকবে।
ইজতেমা মাঠের মূল গেইটসহ ১৭টি প্রবেশ পথে তিনটি করে মোট ৪৮টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো হয়েছে। এছাড়া আরো ১৪টি ক্যামেরা ইজতেমা ময়দানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হবে।
বিশ্ব ইজতেমার নিরাপত্তা রক্ষায় এবারই প্রথম প্রায় ৬২টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।
জানা গেছে, সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা সম্পন্ন করার লক্ষ্যে মাঠের চারপাশে পুলিশ প্রহরার পাশাপাশি ২৭ জানুয়ারি থেকে কামাড়পাড়া, মন্নু ট্রাক স্ট্যান্ড, টঙ্গী ব্রিজ সংলগ্ন এলাকায় এবং স্টেশন রোডে চারটি ভিন্ন ভিন্ন চেকপোস্ট বসানো হবে।
২৭ জানুয়ারি শুক্রবার থেকে তাবলীগ জামাত আয়োজিত তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হবে এবং ২৯ জানুয়ারি রোববার দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
৪১তম বিশ্ব ইজতেমায় অংশ নিতে বিদেশী অতিথিরা ইতোমধ্যে দলে দলে আসতে শুরু করেছেন।
