চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক সিবিএ নির্বাচনের কারণে গ্যাং বুকিং নেয়নি শ্রমিকরা বিপুল আর্থিক ক্ষতি
চট্টগ্রাম বন্দরের ৪২০০ ডক শ্রমিক বুধবার কোনও কাজ করেনি। ডক শ্রমিকদের সিবিএ নির্বাচনের কারণে তারা সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা টানা ১১ ঘণ্টা গ্যাং বুকিং নেয়নি।
এ কারণে নির্দিষ্ট সময়ে বন্দর ছেড়ে যেতে না পেরে দুটি জাহাজ মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। একইভাবে দুটি জাহাজ পণ্য খালাস শুরু করতে পারেনি।
বন্দর সূত্র জানায়, নিদিষ্ট সময়ে বন্দর ছেড়ে যেতে না পেরে এমভি কিউসি অনার ও এমভি বঙ্গবিরাজকে গড়ে ২০ হাজার ইউএস ডলার লোকসান গুনতে হবে। নির্ধারিত সময়ে পণ্য খালাস শুরু করতে না পেরে এমভি কোটা বার্জা ও এমভি দাইউ’র সিলিং টাইমও পিছিয়ে যাওয়ার আশংকা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজের বন্দর ছেড়ে যাওয়ার সিডিউল সময় পিছিয়ে গেলেও দিন হিসেবে স্বাভাবিকের মতো ভাড়া গুনতে হয়। প্রতিটি বড় জাহাজের আকার ভেদে ভাড়া সর্বোচ্চ সাত থেকে ১৫ হাজার ডলার ভাড়া দিতে হয়।
চট্টগ্রাম বন্দরের সহকারি টার্মিনাল ম্যানেজার মশিউর রহমান বেগ বিডিনিউজকে জানান, ডক শ্রমিক গত ২৩ জানুয়ারি গ্যাং বুকিং না নেয়ার ঘোষণা দেয়। তিনি বলেন, নিকট অতীতে এ ধরণের টানা গ্যাং বুকিং না নেওয়ার নজির নেই।
