রাজধানীতে ৩টি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৭০
রাজধানীর বিভিন্ন স্থানে বুধবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত ও আরো ৭০ জন আহত হয়েছে।
জানা যায়, বুধবার বিকেল পাঁচটার দিকে আশুলিয়া--টাঙ্গাইল সড়কের তালতলা এলাকায় হিউম্যানহলার ম্যাক্সির সাথে অপর পাঁচটি মোটরযানের সংঘর্ষে হিউম্যানহলারের চালকসহ ছয়জন নিহত হয়।
চালক ও বাকি তিনজন ঘটনাস্থলেই নিহত হলেও বাকি দু’জন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়।
এ দুর্ঘটনায় কমপক্ষে ৭০ জন আহত হয়।
নিহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।
এ দুর্ঘটনার ফলে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি করে।
পুলিশ ও স্থানীয় অধিবাসীরা জানয়, আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) নিয়ে যাওয়া হয়।
এদিকে রাজধানীর শ্যামপুর থানার পোস্তগলা এলাকায় বুধবার সকালে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ট্রাক চালক নিহত হয়েছে।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামী ব্যাংকের কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক জনৈক গনি খানের ছেলে বাবুলকে (৩০) চাপা দেয়।
লাশ ময়না তদন্তের জন্যে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বুধবার সকালে কেরাণিগঞ্জের জিনজিরা ইউনিয়ন এলাকায় একটি হিউম্যান হলার একটি শিশুকে চাপা দিলে এক শিশুর মৃত্যু হয়।
নিহত শিশুর নাম আজাহার ইসলাম (৭)। সে মনু বেপারী এলাকার ইব্রাহীমের ছেলে।
এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
