খুলনায় র্যাবের সাথে ক্রসফায়ারে ২ অপরাধী নিহত
খুলনার রূপসা উপজেলার জাবুশা গ্রামে মঙ্গলবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সাথে অপরাধীদের গুলিবিনিময়ের সময় ক্রসফায়ারে পড়ে দুই সন্দেহভাজন অপরাধী নিহত হয়েছে।
নিহত দু’জনের একজন গোলাম মোস্তফা ওরফে মোস্তা ও অপরজন মফাজ্জল হোসেন ওরফে মোফা।
ক্রসফায়ারে নিহতদের সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
তবে র্যাব দাবি করেছে, নিহতরা ওই এলাকার তালিকাভূক্ত আসামী এবং তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অপহরণসহ বেশ কিছু অপরাধ মামলা রয়েছে।
জানা যায়, মোস্তা ও মোফাকে নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা মঙ্গলবার রাতে অস্ত্র উদ্ধার ও তাদের সহকর্মীদের গ্রেপ্তার করতে রূপসা উপজেলার জাবুশা গ্রামে গেলে আগে থেকেই সেখানে ওঁত পেতে থাকা অপরাধীরা র্যাবের উপর গুলিবর্ষণ শুরু করে। র্যাবও পাল্টা গুলি চালায়।
গোলাগুলির এক পর্যায়ে মোস্তা ও মোফা র্যাবের হাত থেকে পালাবার চেষ্টা করলে তারা ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে মারা যায় বলে র্যাব জানিয়েছে।
র্যাব ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
