জেএমবি প্রধান শায়খ রহমানের গ্রেপ্তার নিয়ে দেশ-বিদেশে গুজব
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমানের গ্রেপ্তারের গুজব এখন দেশ ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে।
সোমবার বাংলাদেশের দুটি পত্রিকায় পশ্চিম বাংলার বারাসাত থেকে শায়খ আবদুর রহমানের গ্রেপ্তারের খবরটি প্রকাশিত হওয়ার পর গুজবের ডালপালা ছড়িয়ে পড়ে। এ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো তথ্য জানা নেই বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওইদিনই সাংবাদিকদের জানান।
একদিন না পেরুতেই ভারতের পশ্চিম বাংলার পুলিশ প্রধান রাজ কানুজিয়া আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি, রয়টার্স ও ভারতীয় প্রচার মাধ্যমগুলোকে জানান, রোববার বারাসাতের একটি বিয়ের বাড়ি থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিই হলেন বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান।
বিদেশী সংবাদ মাধ্যমগুলোতে গ্রেপ্তারের খবর প্রচারের পর কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তির সাথে দেখা করার জন্যে কনস্যুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ সরকার।
শায়খ আবদুর রহমানের গ্রেপ্তারের এমন জোর খবর এই প্রথম নয়। এর আগেও বাংলাদেশের প্রচার মাধ্যমে বিভিন্ন সময় তার গ্রেপ্তারের গুজব প্রকাশিত হয়।
গত বছরের ১৭ নভেম্বর র্যাব--এর চোখ ফাঁকি দিয়ে রাজধানীর বনশ্রীর একটি বাড়ি থেকে সপরিবারে পালিয়ে যায় আফগান যুদ্ধফেরত জেএমবি’র গুরু রহমান। এর আগে রাজধানীর পল্লবীর একটি বাসায় শায়খ আবদুর রহমান আছে-- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলেও সেই অভিযান ব্যর্থ হয়।
সর্বশেষ ১৯ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অপারেশন চালানো হয় কুষ্টিয়ার পোড়াদহ গ্রামে। জেএমবি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি মজলিশ--এ--শুরার শীর্ষ নেতাদের সাথে শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই বৈঠকে মিলিত হবে-- এমন তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। অবশ্য ওই অপারেশন ‘সুপার ফ্লপ’ প্রমাণিত হয়।
এর আগে দেশের বিভিন্ন স্থানে শায়খ আবদুর রহমান ও তার সেকেন্ড--ইন--কমান্ড বাংলা ভাইয়ের মতো দেখতে কয়েক ব্যক্তিকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হলেও পরে প্রমাণিত হয়, তারা জঙ্গি কোনো জঙ্গি নেতা নন।
এ ছাড়া ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, কিশোরগঞ্জ, গাজীপুর, ফরিদপুর এবং বগুড়া থেকে বাংলা ভাই সন্দেহে বিভিন্ন সময় কয়েক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ পর্যন্ত শায়খ আবদুর রহমানের পরিবারের দু’জন সদস্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে। এদের একজন জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি এবং অপর একজন রহমানের জামাতা ও জেএমবি’র উত্তরাঞ্চলের কমান্ডার আবদুল আউয়াল।
