২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত শায়খ রহমানকে বাংলাদেশের কাছে তুলে দেবে বলে আমাদের আশা: মোর্শেদ খান

পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সাথে ভারতের বন্দিবিনিময় চুক্তি না থাকলেও আমরা আশা করছি, ভারত গ্রেফতারকৃত জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানকে বাংলাদেশের হাতে তুলে দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 02:45 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

তিনি বলেন, ভারত সরকার শায়খ রহমানের গ্রেফতারের বিষয়টি বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে জানালেই আমরা কূটনীতিক উদ্যোগ গ্রহণ করবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্দিবিনিময় চুক্তি না থাকলেও শায়খ রহমানকে হস্তান্তরের ক্ষেত্রে  কোনো সমস্যা হবে না। আমরা আশা করছি, ভারত তাকে আমাদের হাতে তুলে দেবে।

শায়খ রহমানের গ্রেফতারের খবর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী জানান, তিনি এ বিষয়টি একটি বিদেশী সংবাদ সংস্থার পরিবেশিত খবর থেকে জানতে পেরেছেন।

ওই সংবাদ সংস্থার খবরের বরাত দিয়ে মোর্শেদ খান আরো বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ নিশ্চিত হওয়ার পরই তার গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

তিনি বলেন, আমি কোলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সাথে কথা বলেছি। এছাড়া দিল্লির বাংলাদেশ মিশনকে ওই গ্রেফতার সর্ম্পকিত বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, ভারত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক জানার পরই কিভাবে শায়খকে বাংলাদেশে আনা যায়, সে ব্যাপারে আমরা দ্বিপাক্ষিক আলোচনা শুরু করবো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শায়খকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো সমস্যা হবে না। ভারত তাকে আমাদের কাছে হস্তান্তর করবে।

গত সার্ক সম্মেলনে সার্কভূক্ত দেশসমূহ প্রতিজ্ঞা করে, সন্ত্রাস দমনে একে অপরকে সহযোগিতা করবে।