বরিশালে অপসোনিনে শ্রমিক-মালিক সংঘর্ষে অর্ধশত আহত
বরিশালের বগুড়া রোডে ঔষধ কোম্পানি অপসোনিনের শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সোমবার সকালে মালিক পক্ষের ভাড়াটে ছাত্রদল ক্যাডারদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অর্ধশত শ্রমিক আহত হয়।
এসময় দু’পক্ষের মধ্যে প্রায় তিন ঘন্টাব্যাপী সংঘর্ষের সময় পুরো বগুড়া রোড রণক্ষেত্রে পরিণত হয়। পরে র্যাব-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত শ্রমিকদের মধ্যে রয়েছে রফিক, সালাম, আনোয়ার, বশির, সিদ্দিক, আলমগীর, বাদশা, কবির, রিপন ও আজাদ।
শ্রমিকরা জানায়, সময়মত বেতন বোনাসসহ ১৫ দফা দাবিতে বরিশালের সর্ববৃহৎ ঔষধ কোম্পানি অপসোনিন ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে’র শ্রমিকরা সোমবার সকাল ৯টার দিকে কোম্পানির ভিতরে বিক্ষোভ প্রদর্শনের সময় সংঘর্ষের সূত্রপাত হয়।
এসময় ছাত্রদল ক্যাডার নুন্না ও জাকিরের নেতৃত্বে ৩৫-৪০ জন বহিরাগত ক্যাডার নিয়ে মালিক পক্ষের লোকজন শ্রমিকদের উপর হামলা চালায় ।
পরে ক্যাডাররা পাইপগান এবং বন্দুক নিয়ে শ্রমিকদের উপর দ্বিতীয় দফা হামলা চালায়।
শ্রমিকরা তাদের ১৫ দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে।
