সেবা ও প্রকৃত অর্থনৈতিক খাতের ভারসম্যহীনতায় অসম অর্থনৈতিক কাঠামো
দেশের অর্থনীতিবিদরা বলেছেন, প্রকৃত অর্থনৈতিক খাতের অবদান হ্রাস এবং সেবা খাতের অবদান বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিক কাঠামোতে বতর্মানে অসম রূপান্তর পরিলক্ষিত হচ্ছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা পরিচালক জিয়াদ বখত বিডিনিউজকে বলেন, যেকোনো মাঝারি অর্থনীতিতে উৎপাদন খাতের অবদান বৃদ্ধি পেলে স্বভাবতই কৃষি খাতের অবদান কমে যায়। কিন্তু আমাদের দেশে উৎপাদন খাতের চেয়ে সেবা খাতের অবদান বেশি।
তবে মূল্য সংযোজনের ক্ষেত্রে উৎপাদন খাতের তুলনায় সেবা খাতের অবদান কম বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আমাদেরকে শপিং মল কেন্দ্রিক প্রবৃদ্ধির পরিবর্তে উৎপাদন খাতের দিকে মনযোগ দিতে হবে। উৎপাদন খাতকে শক্তিশালী করার জন্যে তিনি শিল্পের প্রসার, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শিল্প উদ্যোক্তাদের ঋণ প্রদানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তবে সেবা খাতের বৃদ্ধি একেবারে খারাপ নয় বলে তিনি মন্তব্য করেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশের কৃষি খাতে যে ঘাটতি রয়েছে উৎপাদন খাত সেটি পর্যাপ্তভাবে পূরণ করতে পারেনি। কিন্তু আমাদের অর্থনীতির জন্যে এখন এটি খুব দরকার।
তিনি বলেন, ১৯৮০ সালে অবকাঠামো এবং গ্যাস, পানি ও বিদ্যুৎ খাতের অবদান ছিলো যেখানে পাঁচ দশমিক দুই শতাংশ সেখানে ২০০৫ সালে এসব খাতের অবদান বৃদ্ধি পেয়ে ১০ দশমিক তিন শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে এসময়ে প্রকৃত অর্থনৈতিক খাতের অবদান অনেক কমে গেছে বলে তিনি মন্তব্য করেন।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ২০০৪--০৫ অর্থবছরে কৃষি, উৎপাদন, খনন ও উত্তোলন খাতের অবদান ছিলো ৩৮ দশমিক ১ শতাংশ। কিন্তু এক দশক আগেও এ খাতের অবদান ছিলো ৪০ দশমিক ৫ শতাংশ।
তিনি বলেন, সেবা খাত প্রসারের মাধ্যমে অদক্ষ শ্রমিকদের কর্মসংস্থান করা সম্ভব নয়। কিন্তু দারিদ্র্য দূরীকরণের জন্যে উৎপাদন খাতে এসব অদক্ষ শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে আমদানি সহায়ক ও রপ্তানিমুখী শিল্পকে আরও শক্তিশালী করতে হবে এবং এক্ষেত্রে সরকারকে সেবা খাতের জন্যে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎপাদনমূলক সক্ষমতার কারণে সৃষ্ট নয়। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আবার চাঙ্গা হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।
সিপিডির তথ্য অনুয়ায়ী, ২০০৫ সালে প্রকৃত অর্থনৈতিক খাতের বার্ষিক প্রবৃদ্ধির হার ছিলো তিন দশমিক আট শতাংশ। অপরদিকে সেবা খাতের প্রবৃদ্ধি ছিলো ছয় শতাংশ।
