২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’তে ৮০০ টাকায় দুর্যোগ গবেষণা!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে গত ১৭ বছরে উল্লেখযোগ্য কোনো গবেষণাকর্ম করেনি। ১৯৮৯ সালে এই কেন্দ্রটি প্রতিষ্ঠা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

অনুসন্ধানে জানা যায়, অবশ্য তারা উপকূলীয় ঘূর্ণিঝড় নিয়ে মাঠপর্যায়ে কাজ করার একমাত্র গবেষণাকর্ম এবং এ সম্পর্কে বিভিন্ন ম্যানুয়েল প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা এর কারণ হিসেবে গবেষণা কাজের জন্য স্বল্প অর্থ বরাদ্দ, বরাদ্দকৃত টাকা হাতে পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা, লোকবলের অভাব এবং সর্বোপরি রাজনৈতিক চাপ, ফুলটাইম শিক্ষকদের শিক্ষকতার পাশাপাশি স্বল্প সম্মানীতে গবেষণা করার অনীহা প্রকাশ -ইত্যাদির কথা উল্লেখ করেন।

জানা যায়, শিক্ষকরা ৮০০ টাকা সম্মানীতে কোনো গবেষণা করতে চান না।

দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠার প্রথম চার বছর কোনোরকম গবেষণা কর্ম হয়নি। পরে প্রথম যে গবেষণাটি হয়, তা - ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের অর্থায়নে হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৩ - ৯৪ অর্থবছরে কেন্দ্রের জন্য মূল বরাদ্দ দেওয়া হয় মাত্র ১০ হাজার টাকা। তবে ওই বছরের সংশোধিত বাজেট ছিল দুলাখ টাকা।

১৯৯৪ - ৯৫ অর্থবছর থেকে ২০০৫ - ০৬ অর্থবছর পর্যন্ত মোট ৩২ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এর গবেষণার ফলাফল ছিলো শূন্য।    

কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আ. হ. ম আব্দুল বাকী বিডিনিউজকে বলেন, গবেষণা কেন্দ্রের জন্য বরাদ্দকৃত অর্থ গবেষণা কর্মকর্তার বেতন এবং প্রয়োজনীয় ম্যানুয়েল প্রকাশের কাজেই শেষ হয়ে যায়। তারপর শুধু গবেষণার জন্য যে সামান্য পরিমান টাকা থাকে, তা খুবই অপ্রতুল। এতো অল্প টাকায় মাঠপর্যায়ে গিয়ে  গবেষণা করা যায় না।  

তিনি জানান, এছাড়া বরাদ্দকৃত টাকা পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার জন্য গবেষণা কর্ম আটকে থাকে।

কিন্তু এই বক্তব্যের একাংশের বিরোধীতা করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান বিডিনিউজকে বলেন, অর্থ বরাদ্দ নেওয়ার জন্য কেন্দ্রগুলোকে অবশ্যই হিসাব দেখাতে হয়। তাই টাকা পাওয়ার ক্ষেত্রে কোনোরকম জটিলতা থাকতে পারে না।

তিনি জানান, গবেষণার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কোনো নীতিমালা নেই। তবে কেন্দ্রের পরিচালনা পর্ষদের কাছে তাদেরকে জবাবদিহি করতে হয়।

গবেষণা কেন্দ্রের প্রাক্তন পরিচালক অধ্যাপক ড. একিউএম মাহবুব বিডিনিউজকে বলেন, বিশ্বের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই গবেষণা খাতকে বেশি গুরুত্ব দেয়। কারণ গবেষণায় গুরুত্ব না দিলে শিক্ষার মান কমে যায়। কিন্তু আমাদের দেশে হচ্ছে তার উল্টো ঘটনা।

অধ্যাপক ড. একিউএম মাহবুব উপকূলীয় ঘূর্ণিঝড় নিয়ে প্রথম মাঠপর্যায়ে গবেষণার কাজ করেন। ফ্রিডম ফাউন্ডেশনের অর্থায়নে এ গবেষণা কর্ম সম্পাদিত হয়।

তিনি  সে সময় প্রথমবারের মতো প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। তার সময়েই উপকূলীয় অঞ্চলে প্রায় ৩০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়।