ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দা থেকে ২ জেএমবি সদস্য গ্রেপ্তার
ফরিদপুর জেলার ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা থেকে পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি)- এর ফরিদপুরের জেলা কমান্ডারসহ দুই জঙ্গি নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকুত দুই জেএমবি সদস্যের নাম- আমীর হোসেন (২৬) ও আবদুল্লাহ (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিকে ফরিদপুর পুলিশের একটি দল ভাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় ভাঙ্গা কোর্ট এলাকার বিদ্যুৎ অফিসের পাশের একটি ভাড়া বাড়ি থেকে জেএমবি সদস্য আমীর হোসেনকে গ্রেপ্তার করে।
মধুখালী উপজেলার গেন্দারদিয়া গ্রামের আমীর হোসেন নিজেকে জেএমবি’র ফরিদপুর জেলা কমান্ডার হিসেবে স্বীকার করেছে।
এদিকে গ্রেপ্তারকৃত জঙ্গি আমীর হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ওই রাতেই জেলার নগরকান্দা উপজেলার ভাঙ্গা গ্রাম থেকে জনৈক কাদের মুন্সীর ছেলে আব্দুল্লাহ নামের জেএমবি’র অপর একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ ভাঙ্গা বিশ্বরোড এলাকায় আল--মানার ইসলামী সংস্থা নামের একটি এনজিও এবং মানার কিন্ডার গার্টেনের পরিচালক। জঙ্গি কমান্ডার আমীর হোসেনও ওই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল জানান, গ্রেপ্তারকৃত দু’জনই জঙ্গি সদস্য এবং তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
