কুষ্টিয়ায় বৃহস্পতিবারের ব্যর্থ অভিযান: আইন প্রয়োগকারীদের ভুমিকা প্রশ্নবিদ্ধ
জেএমবি’র শীর্ষ নেতাদের পাকড়াও করতে কুষ্টিয়া জেলায় বৃহস্পতিবারের এ যাবতকালের বৃহত্তম অপারেশন ব্যর্থ হওয়ায় গোয়েন্দা সংস্থাদের দুর্বলতাই প্রকট হয়ে উঠেছে। সামরিক বিশেষজ্ঞরা এই অভিমত ব্যক্ত করেন।
সামরিক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার (অব) সাখাওয়াত হোসেন বিডিনিউজকে বলেন, হয় তথ্য ফাঁস হয়েছে, না হয় আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাবে এই অপারেশন ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, এতবড় অভিযান এর আগে কখনো হয়নি, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে “কোন ক্ষেত্র থেকে তথ্য ফাঁস হয়েছে এটা খতিয়ে দেখা দরকার,”
সামরিক বিশেষজ্ঞ মেজর (অব) মঈনুল হোসেন জানান আমি জীবনে এতো বড় অপারেশন দেখি নাই। এটা অর্থের অপচয়। এতে দেশের অর্থনীতির উপর প্রভাব পড়ে।
তিনি গোয়েন্দাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “আমার সন্দেহ আদৌ কোন তথ্য ছিল কিনা। সঠিক তথ্য থাকলে এই অপারেশন ব্যর্থ হতো না।”
স্থানীয় সূত্র জানায়, অভিযানের খবর আগাম জানার কারণে নিরাপদেই সটকে পড়েছে জেএমবি’র মজলিশ-এ-শূরার (নীতিনির্ধারক সর্বোচ্চ কমিটি) সদস্যরা।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লূৎফুজ্জামান বাবর এবং পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) আবদুল কাইউম দুজনই বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই’ অভিযান চালানো হয়।
অবশ্য আইজিপি বলেন, তথ্য থাকা সত্ত্বেও সকাল থেকে ঘিরে রাখা পাঁচ কিলোমিটার এলাকার কোথাও বাংলা ভাই অথবা আব্দুর রহমান ছিলেন কিনা সে ব্যাপারটি নিশ্চিত করা যায়নি।
জেলার পোড়াদহ এলাকার একটি চাল কলে জেএমবি’র শীর্ষ কয়েকজন নেতা অবস্থান করছে - এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার এ অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব), পুলিশ, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং আনসার বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানে যৌথ বাহিনীর প্রায় ২৫০০ সদস্য অংশ নেয়।
অভিযানে ঢাকা থেকে পাঠানো হয় পাঁচটি হেলিকপ্টার। জেএমবি’র শীর্ষ নেতারা যাতে নিরাপত্তার জাল থেকে পালাতে না পারে সেজন্য অপারেশনকালে কুষ্টিয়ার আকাশে হেলিকপ্টারগুলো টহল দেয়।
জেলার সদর ও মিরপুর উপজেলার ১০ কিলোমিটার এলাকা বৃহস্পতিবার ভোরে ঘেরাও করে ঘরে ঘরে তল্লাশী চালানো হয়। এসময় এলাকাবাসী মারাত্মক দূর্ভোগে পড়ে।
তড়িঘড়ি করে ডাকা ওই সংবাদ সম্মেলনে আইজিপি দাবি করেন, সদর থানার আওতাধীন পোড়াদহ গ্রামের একটি চালের মিলের ভিতরে জেএমবি’র সাথে সংশ্লিষ্ট বেশ কিছু লোক ফজর নামাজের পর বৈঠকে মিলিত হয়েছে পুলিশের কাছে এমন বিশ্বাসযোগ্য তথ্য ছিল। এবং ওই তথ্যের ভিত্তিতে জেএমবি’র শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা পোড়াদহ ও খাজানগর এলাকা ঘিরে রেখেছিল।
শুক্রবার মধ্যরাতে কোন বড় ধরণের গ্রেফতার ছাড়াই এই অভিযান শেষ করে যৌথ বাহিনী।
আইজিপি’র দাবি সঠিক হলে, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এড়িয়ে বাংলা ভাই বা জেএমবি’র মজলিশ-এ-শূরার নেতাদের পালিয়ে যাওয়া অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।
কুষ্টিয়া- পোড়াদহ সড়কের আইলচারা বাজারের যে চালকলে যৌথ বাহিনীর কড়া নজরদারি ছিল তার মালিক আইলচারা ইউনিয়নের সভাপতি আবদুর রশিদ।
পুলিশের মহাপরিদর্শকের দাবি মতে, নির্ভূল তথ্য থাকা সত্ত্বেও কেনো এই অভিযান ব্যর্থ হলো এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সব মহলে।
স্থানীয় সূত্র জানায়, এমন কড়া নজরদারি এবং অভিযান এর মাঝে যৌথ বাহিনীর চোখে ধুলো দিয়ে কারও পক্ষেই পালানো সম্ভব নয়। নিশ্চয়ই কারও সহযোগিতা পেয়ে জেএমবি’র শীর্ষ নেতারা গ্রেফতার এড়িয়েছে।
স্থানীয় সূত্র আরও অভিযোগ করে যে, আইন শৃঙ্খলা বাহিনীর যারা ভোর থেকে জেএমবি’র শীর্ষ নেতাদের উপর নজরদারি করছিলো তাদেরই কারও তথ্যের ভিত্তিতে জঙ্গিরা অভিযানের আগে সটকে পড়েছে।
অবশ্য সর্ববৃহত্তম এই অপারেশনকে ব্যর্থ বলতে রাজি নন র্যাবের মহাপরিদর্শক আবদুল আজিজ সরকার।
“আইন শৃঙ্খলা বাহিনীর কয়টা অপারেশন সফল হয় বলুন তো?” পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, এই অপারেশনের ফলাফল নিয়ে এখনও কোন এসেসমেন্ট আমরা করিনি।
র্যাবের একটি সূত্র জানায়, আইন প্রয়োগকারী সংস্থার কাছে তথ্য ছিল যে, জেএমবি’র সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুর রহমান বাংলা ভাই এবং অপর তিন মজলিশ-এ-শূরা সদস্য কুষ্টিয়ায় বৈঠকে মিলিত হবে।
“তথ্য নির্ভূল ছিল। অপারেশন ব্যর্থ হওয়ায় আমরা আশ্চর্য হয়েছি। এটা আমাদের কাছে এক রহস্যময় ব্যাপার যে কীভাবে জঙ্গিরা তাদের সবার চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে,” সূত্রটি বলে।
জেএমবি’র মজলিশ-এ-শূরার সাত সদস্যের মধ্যে এ পর্যন্ত দুই জন গ্রেফতার হয়েছে। এরা হলো জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি এবং উত্তরাঞ্চলের কমান্ডার আবদুল আউয়াল। সানি জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের ছোটভাই এবং আউয়াল তার জামাতা।
১৩ ডিসেম্বর জেএমবি’র সামরিক শাখার কমান্ডার আতাউর রহমান সানিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে গ্রেফতার করার পর র্যাবের পক্ষ থেকে দাবি করা হয় যে জেএমবি’র নেটওয়ার্ক পুরোপুরি ভেঙ্গে গেছে। কিন্তু বৃহস্পতিবারের অভিযানের খবর আগাম জেনে যাওয়ায় এটা নিশ্চিত করে বলা যায় জেএমবি আপাতত আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও তাদের নেটওয়ার্ক এখনও শক্তিশালীই রয়েছে। এমনকি আইন প্রয়োগকারী সংস্থা এবং রাজনৈতিক ব্যক্তিদের সাথে রয়েছে তাদের নিয়মিত যোগাযোগ।
জেএমবি’র সাথে আইন প্রয়োগকারী বাহিনীর যোগাযোগ এর জন্ম থেকেই হয়ে আসছে। অতীতে বিভিন্ন জেলায় অনেক জেএমবি সদস্য ধরা পড়লেও প্রশাসন ও পুলিশ বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় তারা মুক্তি পাওয়ার অভিযোগ রয়েছে।
বাগমারায় বাংলা ভাইয়ের উত্থানসহ সারা দেশে জেএমবি’র উত্থানে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে বিভিন্ন কায়দায় ব্যবহার করার অভিযোগ রয়েছে।
গত ১১ নভেম্বর পুলিশ রংপুরের একটি ঘাঁটিতে হানা দিয়ে জেএমবি’র মজলিশ-এ-শূরার শীর্ষ সাত সদস্যের একজন আবদুল আউয়ালকে গ্রেপ্তার করে। অভিযানকালে কমপক্ষে ৫০ জন পুলিশ অফিসারের ফোন নম্বরও উদ্ধার করা হয় আউয়ালের ডায়েরি থেকে।
১৭ নভেম্বর রাজধানীর বনশ্রীতে শায়খ আবদুর রহমানকে ধরার অভিযান রহস্যজনক কারণে ব্যর্থ হয়। এই সন্দেহ আরও দানা বাঁধে যখন আবদুল আওয়ালের রংপুরের আখড়ায় অভিযান পরিচালনার জন্যে দায়িত্ব দেওয়া হয় নীলফামারির এসপিকে। ওই অভিযানে রংপুরের পুলিশকে কোন তথ্যই জানায়নি নীলফামারী পুলিশ।
