ভূমিদস্যুদের অপতৎপরতায় কুতুবদিয়ার অস্তিত্ব হুমকির সম্মুখীন
দেশের উপকূলীয় জেলা কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়ায় ভূমিদস্যুদের অবৈধভাবে জমি দখলের প্রচেষ্টার ফলে দ্বীপটির অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়েছে।
স্থানীয় প্রভাবশালী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় কক্সবাজার কুতুবদিয়ার ১ নং উত্তর ধুরুং এলাকার শতাধিক ক্ষুদ্র ক্ষুদ্র ধান চাষীর ফসলি জমি জবরদখল করে ভূমিদস্যুরা লবণ মাঠ তৈরি করার অপচেষ্টা শুরু করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রভাবশালী ব্যক্তিরা লাঠিয়াল বাহিনী দিয়ে দ্বীপ রক্ষায় সরকারীভাবে নির্মিত ভেড়িবাঁধ কেটে জবরদখলকৃত জমিতে সাগরের লবণ পানি ঢোকানোর কাজও শুরু করেছে।
ভূমিদস্যুরা প্রান্তিক চাষীদের ফসলী জমি অবৈধভাবে দখল করে নেয়ায় স্থানীয় কৃষকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ভূমিদস্যুরা প্যারাবনের অধিকাংশ নির্বিচারে নিধন করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য চিংড়ি ঘের তৈরি করেছে।
স্থানীয়রা জানায়, কুতুবদিয়ার ১ নং উত্তর ধুরুং ইউনিয়নের শতাধিক ক্ষুদ্র ক্ষুদ্র জমির মালিক এলাকার প্রায় ২০০ একর জমিতে ধান চাষ করে জীবিকা নির্বাহ করে।
কৃষকরা জানায়, জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়েরের পর কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর মোরশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি লবণ মাঠ তৈরির কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী ভূমিদস্যুদের বিষয়টি স্বীকার করে বিডিনিউজকে জানান, অবৈধ জমি দখলকারীরা কৃষকদের উপর হামলা চালায় এবং এতে অন্তত ১৪ জন কৃষক আহত হয়।
অনতিবিলম্বে উত্তর ধুরুং এলাকায় ধানি জমিতে লবণ মাঠ করার প্রক্রিয়া বন্ধ না করলে কুতুবদিয়া দ্বীপে ভাঙ্গন সৃষ্টি হয়ে বঙ্গোপসাগরের করাল গ্রাসে দ্বীপটি বিলীন হয়ে যেতে পারে বলে তিনি জানান।
