২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি শীর্ষ নেতাদের ধরতে কুষ্টিয়ায় সাঁড়াশি অভিযান

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব), পুলিশ, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং আনসার বাহিনীর সদস্যদের নিয়ে গড়া যৌথ বাহিনী বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কুষ্টিয়া সদর এবং মিরপুর উপজেলায় ব্যাপক অভিযান পরিচালনা করছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এ অভিযানে প্রায় এক হাজারেরও বেশি র‌্যাব, পুলিশ, বিডিআর ও আনসার সদস্য অংশ নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেএমবি’র সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাই অথবা শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমানকে ধরতে ব্যাপক এ অভিযান পরিচালিত হচ্ছে। শেষ খবর পর্যন্ত কোন সাফল্যের খবর পাওয়া যায়নি।

খুলনা রেঞ্জ থেকে আসা ৭০০ এর বেশি পুলিশ সদস্য অভিযানে যোগ দেয়ার পর যৌথ বাহিনী ২০০টি সার্চলাইট ব্যবহার করে সন্ধ্যায় দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের প্রথম ধাপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কুষ্টিয়া সদরের পোড়াদহ, বল¬ভপুর, বট্টল এবং মিরপুর উপজেলার স্বরুপদহ ,কাটাদহ এবং চিথলিয়া গ্রামের ১০ বর্গ কিলোমিটার এলাকা ঘিরে রেখে ঘরে ঘরে তল্লাশি চালায়।

অভিযানে ঢাকা থেকে আনা পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করা হয়। জেএমবি’র শীর্ষ নেতারা যেন নিরাপত্তার জাল থেকে পালাতে না পারেন সে জন্য কুষ্টিয়ার আকাশে হেলিকপ্টারগুলো টহল দিতে থাকে।

হেলিকপ্টারগুলো বিকেলে ঢাকায় ফিরে আসে।

প্রথম ধাপের অভিযানে মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা থেকে আনা ছয়শ’রও বেশি পুলিশের সদস্য এবং র‌্যাব ও বিডিআর’র ২৫০জন সদস্য অংশগ্রহণ করে।

নাম গোপন রাখার শর্তে র‌্যাবের উচ্চ পদস্থ এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, জেএমবি’র মজলিসে সুরার (নীতি নির্ধারক কমিটি) একজন সদস্য ওই এলাকায় লুকিয়ে আছে-এ মর্মে খবর পাওয়ার পর তাকে গ্রেপ্তার করতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় জেলার স্বাভাবিক জীবনে স্থবিরতা লক্ষ্য করা যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুষ্টিয়া--চুয়াডাঙ্গা রোডে যান চলাচল বন্ধ করে দিয়েছে।