২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগমগঞ্জে পেট্রোবাংলা নিজস্ব অর্থে গ্যাস অনুসন্ধান করবে

নোয়াখালীর বেগমগঞ্জে নতুন করে তেল গ্যাস অনুসন্ধান শুরু হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এ লক্ষ্যে এক জয়েন্ট ভেঞ্চার চুক্তির আওতায় বাপেক্স, সিলেট গ্যাস ফিল্ড এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড আগামী ছয় সপ্তাহের মধ্যে পেট্রোবাংলায় একটি কর্মপরিকল্পনা দাখিল করবে। 

বৃহস্পতিবার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতিনিধিদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৭ জানুয়ারি পেট্রোবাংলার এক সভায় বেগমগঞ্জ গ্যাস ফিল্ড এলাকায় বাপেক্স--এর সাথে জয়েন্ট ভেঞ্চার এর আওতায় কেয়ার্ন এনার্জি পিএলসি অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করে। ওই সভায় কেয়ার্নের পক্ষ থেকে জানানো হয়, ১০ নং ব্লকের সাইসমিক র্সাভের প্রতিবেদন থেকে তারা জেনেছে, পরিত্যক্ত বেগমগঞ্জ গ্যাস ফিল্ডের নির্ধারিত এলাকায় তিনটি সম্ভবনাময় কাঠামো রয়েছে। অনুসন্ধান করলে এখানে এক ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) এর বেশি মজুদ পাওয়া যেতে পারে।

কিন্তু পেট্রোবাংলা কেয়ার্নের প্রস্তাবে সাড়া না দিয়ে নিজেদের কোম্পানির শক্তি ব্যবহার করে এ অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এর আলোকে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে পেট্রোবাংলা এবং বাপেক্স, বাংলাদেশ গ্যাস ফিল্ড ও সিলেট গ্যাস ফিল্ডের পদস্থ কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্তে বলা হয়, তিন কোম্পানি মিলে আগামী ছয় সপ্তাহের মধ্যে একটি জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের খসড়া এবং কর্মপরিকল্পনা করে পেট্রোবাংলার কাছে জমা দেবে। তারপর সরকারের অনুমতি গ্রহণ করে আগামী মওসুমে খনন কাজ শুরু করবে।

বর্তমানে এই গ্যাস ক্ষেত্রটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।