২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের নাইক্ষংছড়িতে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, ৩ বিদেশি গেরিলা আটক

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষংছড়ির দুর্গম ভাগিনাছড়া পাহাড়ি এলাকা থেকে বিডিআর বুধবার বিকালে এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করেছে। আটক করেছে সন্দেহভাজন তিনজন বিদেশি গেরিলা গ্রুপের সদস্যকে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বিডিআর সূত্র জানায়, অভিযানে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ধ্বংস করা হয়। উদ্ধারকৃত বিপুল পরিমাণ সামরিক অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে, একটি অত্যাধুনিক এম - ১ এ - ১ মডেলের মেশিনগান, চারটি এম - ১৬ রাইফেল, একটি একে - ৪৭, একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি দূর পাল্লার রকেট লাঞ্চার, সাত কেজি টিএনটি বিস্ফোরক, ৩৫০০ রাউন্ড বুলেট, ৫০০ গজ করডেক্স কয়েল - ইত্যাদি।

গোপন সূত্রে খবর পেয়ে নাইক্ষংছড়ি বিডিআর’র জোনাল কামন্ডার লেফটেনেন্ট কর্ণেল আব্দুল আউয়াল বীর প্রতীকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। বিকাল ৪টার দিকে বিডিআর ও সেনা সদস্যরা ভাগিনাছড়ার গহিন অরণ্যে সন্ত্রাসীদের একটি আস্তানা ঘিরে ফেলে। পরে ওই আস্তানা থেকে ওইসব অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়।

আটককৃত সন্দেহভাজন তিনজন বিদেশি গেরিলা সদস্যর নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। যৌথ বাহিনী পুরো এলাকা এখনো ঘিরে রেখেছে।

বান্দরবান সেনা রিজিয়নের একটি সূত্র জানায়, ওই আস্তানাটি ছিলো রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও)। তবে আটককৃত তিনজন মায়ানমারের রাখাইন নাগরিক।

গত ৩ জানুয়ারি ভোর রাতে সেনা সদস্যরা অনুরূপ এক অভিযান চালিয়ে নাইক্ষংছড়ির বাঁকখালী এলাকা থেকে তিনজন বিদেশী সন্ত্রাসীসহ বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।