২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টোটাল গ্যাস’ ১৭ ও ১৮ নং ব্লকের ৬০% শেয়ার কিনেছে

টালো অয়েল পিএলসি তার বাংলাদেশ অপারেশনের আওতাধীন বঙ্গোপসাগরের ১৭ ও ১৮ নং ব্লকের ৬০ শতাংশ শেয়ার বিশ্বখ্যাত ‘টোটাল গ্যাস’র কাছে বিক্রি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 04:27 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

তবে তাদের ওই বিক্রি প্রক্রিয়া এখন পেট্রোবাংলার অনুমোদনের অপেক্ষায়।

পেট্রোবাংলা এবং টালো অয়েল’র বাংলাদেশ সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

জানা যায়, প্রথম রাউন্ড বিডিং এর সময় পেট্রোবাংলা ওই ব্লক দুটি অকল্যান্ড - রেক্সউড যৌথ উদ্যোগের কাছে ইজারা প্রদান করে। কিন্তু এই কোম্পানিটি তাদের নির্ধারিত সময়ে ব্লক দুটির তেমন কোনো কাজ করেনি।

কয়েক বছর আগে টালো ওই ব্লক দুটির ৯২ শতাংশ শেয়ার কিনে নেয়। তখন রেক্সউডের থাকে ৮ শতাংশ শেয়ার। টালো ব্লক দুটির উপাত্ত সমীক্ষার পাশাপাশি ১৭ নং ব্লকে একটি অনুসন্ধান কূপ খনন করে। কিন্তু তাতে কোনো আবিষ্কার হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ব্লক দুটির শেয়ার বিক্রির ব্যাপারে গত কয়েক মাস ধরে টালোর সাথে টোটাল গ্যাসের আলোচনা চলছিলো। আলোচনার এই পর্যায়ে পেট্রোবাংলা শেয়ার বিক্রি করার বিষয়টি মেনে নিবে কি না -- তা জানতে টোটালের একজন কর্মকর্তা ঢাকা সফর করেন। তিনি জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এবং পেট্রোবাংলার চেয়ারম্যানসহ পদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, টোটাল শেয়ার কেনার সাথে সাথে সুনিদির্ষ্ট অনুসন্ধান কর্মসূচি দাখিল এবং সত্যিকার অর্থে কাজ শুরু করলে বিক্রির বিষয়টি কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

সম্প্রতি টালোর কেন্দ্রীয় দফতর ডাবলিনে টোটালের কাছে ৬০ শতাংশ শেয়ার বিক্রি করার বিষয়টি চূড়ান্ত করা হয়। এই বিক্রির কারণে এখন ১৭ ও ১৮ নং ব্লকে টোটাল ৬০ শতাংশ, টালো ৩২ শতাংশ এবং রেক্সউড ৮ শতাংশ শেয়ারের মালিক। তবে টালো ব্লক দুটির অপারেটর।

টালোর এক উপস্থাপনা থেকে জানা যায়, ১৮ নং ব্লকের সেন্টমার্টিন্স দ্বীপের কাছে তারা তেলের অস্তিত্বের সন্ধান পেয়েছে।

টালোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মওসুম থেকে তারা ব্লক দুটিতে জোরেশোরে অনুসন্ধান শুরু করবে।

টালো ওই দুটি ব্লক ছাড়াও বাংলাদেশের ৯ নং ব্লকের ৩০ শতাংশ শেয়ারের মালিক। এখানে ভাঙ্গুরায় একটি আবিষ্কার হয়েছে। এই কূপ থেকে তারা আগামী এক মাসের মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে। একই সাথে ভাঙ্গুরায় আরো দুটি অ্যাপ্রাইজাল অয়েল খননের প্রস্তুতি শুরু হয়েছে।