১৭ আগস্ট সিরিজ বোমা : যশোরে নতুন করে মামলা
গত বছরের ১৭ আগস্ট যশোর শহরে চাঞ্চল্যকর সিরিজ বোমা বিস্ফোরণ ঘটনা নতুন মোড় নিয়েছে। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় বিস্ফোরণ আইনে ফের একটি মামলা রেকর্ড হওয়ার পর নতুনভাবে ঘটনার কার্যক্রম শুরু হচ্ছে।
নতুনভাবে দায়েরকৃত এ মামলায় জেএমবি কমান্ডার মতিউর রহমান মাসুদ ও আব্দুর রাকিব ওরফে নুর উদ্দিনসহ সাতজনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল। কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনের ৩/৬ ধারায় নতুন মামলাটি দায়ের করা হয়েছে।
নতুনভাবে এ ঘটনার মামলা রেকর্ড করায় পূর্বের মামলা ও চার্জশিট ভুঁয়া বলে প্রতীয়মাণ হতে শুরু করেছে। ইতোপূর্বে গত ২১ নভেম্বর সিরিজ বোমা বিস্ফোরণ সংক্রান্ত আগের নয়টি মামলার চার্জশিট দেয়া হয়েছিল। এ চার্জশিটে জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়।
পুলিশ জানায়, ১৭ আগস্ট যশোর শহরের শংকরপুরস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বোমা বিস্ফোরণ ঘটনায় মামলাটি রেকর্ড করা হয়েছে। জেএমবি কমান্ডার মতিউর ও রাকিবের দেয়া স্বীকারোক্তি মোতাবেক এ মামলা রেকর্ড করা হয়। এতে আসামি করা হয়েছে মেহেরপুর জেলার গাংনী থানার হাড়াভাংগা গ্রামের মাসুদ ওরফে মতিউর রহমান, জেএমবির বিভাগীয় কমান্ডার সাব্বির, আঞ্চলিক কমান্ডার হাবিব, আসলাম, রাজশাহীর মোহনপুর থানার মৌপাড়ার রাকিব ওরফে নুর উদ্দিন, নাঈম ও কেশবপুর থানার সারুটিয়া গ্রামের ইনতাজ আলীর ছেলে লিটন জুয়েল।
মামলায় বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনসাধারণের জীবন বিপন্ন করার লক্ষে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
