২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ‘খেলনা অস্ত্র’ উদ্ধার নিয়ে রহস্য

চট্টগ্রাম বন্দরের এটি চালান থেকে ‘খেলনা অস্ত্র’ উদ্ধারের পর সংশ্লিষ্ট পক্ষের লুকোচুরি খেলায় এ ঘটনাকে কেন্দ্র করে রহস্য দেখা দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

চট্টগ্রাম বন্দর, কাস্টমস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দাবি করেছে যে, বন্দরে টেলিযোগাযোগ যন্ত্রপাতির একটি চালান থেকে উদ্ধারকৃত অস্ত্র খেলনা ছাড়া আর কিছুই না।

আটক ১১টি দো--নলা বন্দুককে কর্তৃপক্ষ খেলনা বলে দাবি করেছে। তবে নাম ঠিকানাবিহীন এসব পণ্য আমদানি করেছে ক্ষমতাসীন বিএনপির প্রভাবশালী এক মন্ত্রীর মালিকানাধীন একটি কোম্পানি এবং কিভাবে এগুলো চোরাচালান করা হয়েছে সে ব্যাপারাটি রহস্যাবৃত রয়েছে।

উদ্ধারকৃত ১১টি বন্দুকের মধ্যে বন্দরের নিরাপত্তা কর্মীরা সোমবার রাতে একটি কন্টেইনার থেকে পাঁচটি এবং এমপিবি’র ১ নম্বর গেট থেকে একটি ট্রাকে বহন করে নিয়ে যাওয়ার সময় ট্রাকের চালান থেকে বাকি বন্দুকগুলো উদ্ধার করে।

ট্রাকের বডির সাথে আটকে বহন করা উদ্ধারকৃত এ অস্ত্রগুলো কি ধরনের তা পরীক্ষা নিরীক্ষা করার জন্যে বন্দরের নিরাপত্তা বিভাগ সরকারের উপর মহলের অনুমতি চাইবে।

এসব অস্ত্র উদ্ধারের আগে ২০টি মাল বোঝাই ট্রাক নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে বন্দর ত্যাগ করে। এরপর  সেসব ট্রাকের কোনও চালানে আগ্নেয়াস্ত্র ছিলো কিনা সে ব্যাপারে সন্দেহ দেখা দেয়।

পরবর্তীতে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমদানিকারক, স্থানীয় ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট, গোয়েন্দা সংস্থা ও বন্দর কর্মকর্তাদের উপস্থিতিতে কাস্টমস কর্মকর্তারা আরও ১০টি মাল বোঝাই ট্রাকে তল্লাশি চালায়।

এদিকে এসব পণ্য বোঝাই তিনটি ট্রাকে তল্লাশি চালিয়ে কর্তৃপক্ষ উদ্ধারকৃত অস্ত্রের মতো আরও কোনা অস্ত্র পায়নি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এএমএম শাহাদত হোসেন মঙ্গলবার সকালে বিডিনিউজকে বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো আমরা পরীক্ষা করে দেখেছি যে সেগুলো খেলনা ছাড়া আর কিছুই না।

তিনি বলেন, এগুলো গ্যাসে আগুন ধরানোর কাজে ব্যবহার করা হতে পারে। তবে যেসব ট্রাক ইতোমধ্যেই বন্দর ত্যাগ করেছে সেগুলোর মাধ্যমে অস্ত্র চোরাচালানের সম্ভাবনা তিনি উড়িয়ে দেন।

তবে যেভাবে এসব পণ্য আমদানি করা হয়েছে তা অবৈধ বলে স্বীকার করে বন্দর চেয়ারম্যান। আমদানিকারক ও সংশ্লিষ্ট এজেন্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, হাইওয়ে পুলিশ বিভিন্ন স্থানে বন্দর ত্যাগ করা ট্রাকগুলোতে তল্লাশি চালিয়ে কোনও অস্ত্র খুঁজে পায়নি।

চট্টগ্রাম অঞ্চলের র‌্যাব-৭ এর লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সাংবাদিকদের বলেন, উদ্ধারকতৃ অস্ত্রগুলোতে কোনও ব্যারেল, ম্যাগজিন ও পিন না থাকায় সেগুলো সো খেলনা ছাড়া কিছুই না। সেগুলোতে কেবল গ্যাস চেম্বার ছিলো বলে তিনি জানান।

তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অপর সদস্যরা বলছেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো ওজনে খুবই হালকা এবং এগুলো গ্যাস গান হিসেবে ব্যবহৃত হতে পারে।

নিরাপত্তা রক্ষীরা গত রাতে ট্রাকটির চালক মোহাম্মদ লিটন ও হেলপার মনির হোসেনকে আটক করে বন্দর পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বন্দর কর্মকর্তারা রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করে উল্লেখযোগ্য কোনও ক্লু বের করতে পারেননি।

ঘটনা তদন্তে বন্দরের উপ পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাহেদ করিম, নিরাপত্তা কর্মকর্তা মশিউর রহমান বেগ ও ডক মাস্টার ক্যাপ্টেন ফরিদুল আলমকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।