২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে অ্যাকাডেমির কাছে প্রধানমন্ত্রীর অনুদান হস্তান্তর করলেন হাইকমিশনার

সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষার স্মারক নির্মাণে প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ লাখ ৩০ হাজার টাকার অনুদান একুশে অ্যাকাডেমি অস্ট্রেলিয়া ইনকর্পোরেটের কাছে হস্তান্তর করেছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার আশরাফ-উদ-দৌলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, শিক্ষাবিদ, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশী শিক্ষার্থীসহ সিডনি ও ক্যানবেরায় বসবাসকারী বাঙালিদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুদান হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে হাইকমিশনার তার বক্তব্যে একুশে ফেব্র“য়ারির গুরুত্ব তুলে ধরেন এবং জাতিসংঘের স্বীকৃতি লাভের মাধ্যমে এটি আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে বলে উল্লেখ করেন।

হাইকমিশনার একুশে স্মারক নির্মাণে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহের কথা উল্লেখ করেন। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার ব্যাপারে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর অনুপ্রেরণার বিষয়টিও উপস্থাপন করেন।

একুশে অ্যাকাডেমির সভাপতি নির্মল পাল অনুদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ অনুদানের মাধ্যমে মাতৃভাষা ও ভাষাশহীদদের প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারের প্রকাশ ঘটেছে। এ জন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

বক্তারা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ভাবমূর্তির উজ্জ্বল করে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

একুশে অ্যাকাডেমি ২০০৬ সালের একুশে ফেব্র“য়ারি সিডনিতে নির্মাণাধীন এ স্মারকের আনুষ্ঠানিক উদ্বোধন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে  অস্ট্রেলীয় সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ও অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এ স্মারক উন্মোচন করবেন বলেও আশা করা হচ্ছে।