সারাদেশে বিচারকদের ১১ দফা দাবিতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি শুরু
সারাদেশে বিচারকরা ১১ দফা দাবিসহ অন্যান্য দাবিতে তিন দিনের কালো ব্যাজ ধারণের কর্মসূচির আয়োজন করেছেন। রোববার ছিল এই কর্মসূচীর প্রথম দিন।
নিরাপত্তা, নিরাপদ আবাসন সংক্রান্ত বিভিন্ন দাবিসহ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত ৫৫ তম বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে পূর্বে পেশ করা ১১ দফা দাবিসহ আরও কয়েকটি পেশা সংক্রান্ত দাবি উপস্থাপন করে। নিরাপত্তা প্রশ্নে ১১ দফার কয়েকটি দাবি পূরণ করা হলেও অধিকাংশ দাবিই পূরণ না করার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
নিরাপত্তা প্রশ্ন ছাড়াও বিচারকরা পেশা সংক্রান্ত যেসব দাবি প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছিলেন সেগুলো হচ্ছে- ১৯৯৮ সন থেকে নিয়োগ বন্ধ থাকার ফলে সহকারী জজ পদের যে শুণ্যতা তৈরি হয়েছে অবিলম্বে সেসব শুণ্যপদ পূরণ করা, জেলা ও দায়রা জজদের যুগ্ম সচিবের পদ মর্যাদা প্রদান, হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিচারবিভাগীয় যোগ্য কর্মকর্তার মধ্য থেকে ৫০ শতাংশ বিচারক নিয়োগ ইত্যাদি।
রোববার ঢাকার জজশীপ ওমহানগর দায়রা জজের সবগুলো আদালতে সকল স্তরের বিচারককে এই কালো ব্যাজ ধারণ করে প্রতীকী প্রতিবাদে অংশগ্রহন করতে দেখা গেছে।
