পল্লীকবি জসীমউদদীনের সহধর্মিনী বেগম মমতাজ জসীমের দাফন সম্পন্ন
পল্লীকবি জসীমউদদীনের সহধর্মিনীর দাফন রোববার দুপুরে সম্পন্ন হয়েছে। জসীমউদ্দিনের কবরের দক্ষিণপাশে ছোট্ট ডালিমগাছের নিচে তার সহধর্মিনী বেগম মমতাজ জসীম ওরফে মনোমালাকে কবর দেওয়া হয়।
মরহুমার দুই পুত্র ড. জামাল আনোয়ার ও খুরশিদ আনোয়ার, দুই কন্যা হাসনা মওদুদ ও আসমা এলাহী, দুই জামাতা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ও সাবেক জ্বালানি সচিব ড. তৌফিক এলাহী চৌধুরী বীরবিক্রমসহ পরিবারের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে পল্লীকবির বাড়ি সংলগ্ন কুমার নদের তীরে বেগম জসীমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যান্যের মধ্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাংসদ শাহ মো. আবু জাফরসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংকৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৭ জানুয়ারি বাদ আসর মরহুমার বড় জামাতা ব্যারিস্টার মওদুদ আহমদের সরকারি বাসভবনে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
