সিরাজগঞ্জে অপহরণের ৩ দিন পর শিশু নিলয়ের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপহরণের তিনদিন পর শনিবার সন্ধ্যায় অপহৃত শিশু নিলয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ এবং নিহতের পারিবারিক সূত্র জানা যায়, উল্লাপাড়া উপজেলার ভরমোহনী গ্রামের বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আব্দুল হানিফ ঈদ করতে গ্রামের বাড়িতে এলে অপহরণের এ ঘটনা ঘটে। গত বুধবার বিকেলে হানিফের একমাত্র সন্তান নিলয় বাড়ির সামনে খেলা করার সময় সে অপহৃত হয়। পরে নিলয়ের বাবার কাছে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৬ লাখ টাকা দাবি করে।
হানিফ পুলিশকে জানালে অপহরণের সাথে জরিত সন্দেহে রিন্টু, এরশাদ ও সুজনকে গ্রেফতার করা হয়। পরে রিন্টুর স্বীকারোক্তি অনুযায়ী শনিবার সন্ধ্যার গ্রামের আব্দুল খালেকের বাড়ির ল্যাট্রিনের সেফটি ট্যাংক থেকে নিলয়ের লাশ উদ্ধার করা হয়।
