বগুড়ায় তরুণী অপহরণ প্রচেষ্টার প্রতিবাদ করতে গিয়ে ১০জন আহত
বগুড়ায় শনিবার বিকেলে দাখিল পরীক্ষার্থী তরুণীকে অপহরণের চেষ্টার প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে একই পরিবারের দশ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের মধ্যে ছয় জনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। অন্য চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলার পারতেকর গ্রামে দাখিল পরীক্ষার্থী নাজমা খাতুন (১৫) শনিবার বিকেলে প্রাইভেট পড়তে যাবার সময় স্থানীয় বটতলা এলাকায় ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল হান্নান বিশা (২২) সহ তার বন্ধুরা নাজমাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। বাড়ি ফিরে নাজমা তার মা-বাবাকে বিষয়টি খুলে বললে নাজমার বাবা ঘটনাটি হান্নানের বাবাকে জানায়। এতে হান্নান ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে নাজমার বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের মারপিটে নাজমার মা-বাবাসহ ১০ জন গুরুতর আহত হয়।
