জামায়াত দেশে মসজিদভিত্তিক রাজনীতির দিকে এগুচ্ছে, সর্বত্র মিশ্র প্রতিক্রিয়া
জামায়াতে ইসলামী বাংলাদেশ মসজিদভিত্তিক মজলিশে শূরা কমিটি গঠন করে এখন দেশের মসজিদে মসজিদে তাদের রাজনৈতিক সংগঠন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, দেশের প্রায় দুলাখ মসজিদে এ শূরা কমিটি গঠন করাকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তারা জোট সরকারের ওপর চাপ দেওয়ার কৌশল নিয়েছে। মূলত জামায়াত তৃণমূলভিত্তিক সংগঠন গড়ে তোলার জন্য ওই উদ্যোগ নিয়েছে।
জানা গেছে, গত ৭ জানুয়ারি হাফেজ কমিটির সভায় বায়তুল মোকাররমের খতিব মওলানা উবায়দুল হক ওই প্রস্তাব দেন। মজলিশে শূরার কাজ হবে এলাকার আইন -শৃঙ্খলা রক্ষা করা। তারা এলাকার উন্নয়নেও কাজ করবে বলে খতিবের প্রস্তাবনায় বলা হয়।
কিন্তু কার্যত কৌশলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাই মসজিদভিত্তিক মজলিশে শূরার নেতৃত্বে থাকছেন। দেশের বেশির ভাগ মসজিদ জামায়াতের নিয়ন্ত্রণে থাকায় তারা তখন মসজিদে মসজিদে অবাধে রাজনীতি করার সুযোগ পাবে।
তবে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে তাদের ভবিষ্যত কর্মকৌশলের কথা আগাম কিছুই বলতে চায়নি।
মওলানা উবায়দুল হক মজলিশে শূরা কমিটি সম্পর্কে তার প্রস্তাবের সমর্থনে বিডিনিউজকে বলেন, প্রতিটি মসজিদ সংলগ্ন এলাকায় আলেম সমাজের নেতৃস্থানীয় ও বিচক্ষণ ব্যক্তিবর্গকে নিয়ে ওই শূরা কমিটি হবে। এ কমিটির কাজ হবে সমাজ সংস্কার এবং দুষ্কৃতকারীদের চিহিৃত করা। বায়তুল মোকাররমে কমিটি গঠনের মাধ্যমে যাত্রা এর শুরু হবে।
খোঁজ নিয়ে জানা যায়, এদিকে বায়তুল মোকাররমের খতিব উবায়দুল হকের মসজিদভিত্তিক শূরা কমিটি গঠন করার প্রস্তাব নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খতিবের এ প্রস্তাব সুদূরপ্রসারী রাজনৈতিক চিন্তার পরিকল্পনা বলে অনেকেই মনে করছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বিডিনিউজকে বলেন, জামায়তের মতো একটি মৌলবাদী রাজনৈতিক দল এখন মসজিদে রাজনীতি করার বৈধতা চায়। এটি আসলে ঠিক নয়। মসজিদে কোনো ধরণের রাজনীতি করতে দেওয়া ঠিক হবে না। মসজিদ হচ্ছে নামাজ - রোজা - জিকির তথা এবাদতের পবিত্র স্থান।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজকে বলেন, মসজিদে মজলিশে শূরা গঠন করে জামায়াত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি’র রাজনীতির বৈধতা চায়। এরা সরকারের ওপর ভর করে এখন বৈধভাবে মসজিদ দখলের রাজনীতিতে নেমেছে।
তবে জামায়াতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিডিনিউজকে বলেন, আসলে মজলিসে শূরা গঠন করা হয় রাষ্ট্র পরিচালনার জন্য। খতিব সাহেব এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি। ফলে বিষয়টি এখনো পরিষ্কার নয়।
তিনি বলেন, আমাদের কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব এলে আমরা তা দলগতভাবে বিষয়টি নিয়ে আলোচনা করবো।
তরিকুল ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বাশার মাইজ ভাণ্ডারী বিডিনিউজকে বলেন, দুলাখেরও বেশী মসজিদে মজলিশে শূরা গঠন করার মাধ্যমে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী তৃণমূল পর্যায়ে এর দলীয় ভিত্তি স্থাপনে দুরভিসন্ধি পরিকল্পনা নিয়েছে। সকল সচেতন মানুষকে জামায়াতের এই তৎপরতা বন্ধের জন্য সোচ্চার হতে হবে।
