যুক্তরাজ্যের নতুন অভিবাসন আইন এশীয় ব্যবসায়ীদের জন্যে ঝুঁকিপূর্ণ
যুক্তরাজ্যের নতুন অভিবাসন আইন এবং আশ্রয় ও জাতীয়তা বিলের কারণে এশীয় ব্যবসায়ীরা ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। এই ব্যবসায়ীদের বার্ষিক লেনদেন ৬০ বিলিয়ন পাউন্ড। শিল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বিলটি নিয়ে শিগগিরই হাউজ অব লর্ডসে আলোচনা হবে।
বিলটির কারণে এশীয়দের ব্যবসায় ধস নামতে যাচ্ছে বলে সূত্রটি দাবি করে।
নতুন জাতীয়তা বিল পাশ হলে অবৈধ নাগরিকদের দু’বছরের জেল এবং বিদেশী শ্রমিক নিয়োগের কারণে নিয়োগকর্তাকে জরিমানা করা হবে। এর ফলে ভারতীয় এবং চীনা রেস্তোরাঁ মালিকদের ব্যবসা হুমকির মুখে পড়বে।
বিলটিতে পূর্ব ইউরোপের লোক দিয়ে এসব রেস্তোরাঁ চালানোর জন্যেও মালিকদের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।
ভারতীয় এবং চীনা রেস্তোরাঁর মালিকরা অবশ্য যুক্তরাজ্য সরকারকে তাদের হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত হাজার হাজার এশীয় শ্রমিকদের সে দেশে রাখার জন্যে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কিন্তু যুক্তরাজ্যের মন্ত্রীরা তাদের এ দাবি না মেনে পূর্ব ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য রাষ্ট্রের অদক্ষ শ্রমিকদের এসব প্রতিষ্ঠানে নিয়োগের ব্যাপারে চাপ দিচ্ছে।
সম্প্রতি যুক্তরাজ্যের নতুন নাগরিকত্ব ও আশ্রয়প্রার্থীদের অধিকাংশই পূর্ব ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য রাষ্ট্রের।
যুক্তরাজ্যের ২৫ হাজার ভারতীয় ও চীনা রেস্তোরাঁর অধিকাংশে এশীয় আশ্রয়প্রার্থী, শিক্ষার্থী এবং অবৈধ অভিবাসী শ্রমিকরা রান্নার কাজ করে থাকে।
পারিবারিক ব্যবসা হিসেবে এ সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠছে। অবশ্য এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর মালিকদের সন্তানরা অন্যান্য বিভিন্ন কাজে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ায় এ ব্যবসায় থাকতে চাচ্ছে না।
আবার নতুন নীতি অনুযায়ী এসব প্রতিষ্ঠানের অ-ইউরোপীয় শ্রমিকের বেতনও হবে বেশি এবং তাদের হতে হবে দক্ষ। ফলে বর্তমানে কাজ করা বিপুল সংখ্যক অদক্ষ শ্রমিক আর রাখা যাবে না।
বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন বিডিনিউজকে জানান, প্রতিবছর কমপক্ষে ২০ হাজার দক্ষ ও অদক্ষ শ্রমিকের প্রয়োজন হয় ১০ হাজার ভারতীয় রেস্তোরাঁর জন্যে। যুক্তরাজ্য সরকার এক্ষেত্রে পূর্ব ইউরোপীয় শ্রমিক নিয়োগের কথা বলছে। যতদিন তারা এ অঞ্চলের সংস্কৃতি ও ভাষা না জানবে, ততদিন এ কাজ করতে যাওয়া হবে বড় ধরনের অঘটন।
চীনা টেকএওয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি থমাস চেনও একই রকম মতামত প্রকাশ করেন। তিনি বলেন, রেস্তোরাঁর কর্মীরা যদি একই ভাষার না হয়, তাহলে প্রধান শেফের পক্ষে তাদের দিয়ে কাজ করানো খুবই কষ্টকর হবে।
অবশ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কাবাব শপস-এর সভাপতি তাফলান দাইকেক বলেন, ইউরোপীয় এবং তুর্কিরাই প্রধানত এসব কাবাবের দোকানে কাজ করে। ফলে পূর্ব ইউরোপীয়দের এ কাজে নিয়োগে তেমন কোনও সমস্যা নেই।
