২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশার কারণে প্রায় ১২ ঘন্টা ফেরি, লঞ্চ ও বিমান চলাচল বিঘ্নত

ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ১১ টার পর থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং মাওয়া ফেরি ঘাটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ছিল। এসময় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে কোন বিমান অবতরণ করতে পারেনি এবং ছেড়েও যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 05:37 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট, ইয়েমেনের ফ্লাইট শনিবার ভোর ৩টা ২৫ মিনিটে এবং ভোর ২টায় জিয়ায় অবতরণ করতে না পেরে দিল্লি এবং কলকাতা চলে যায়।

এছাড়া বাংলাদেশ বিমানের পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট শুক্রবার রাত ১১টা এবং সাড়ে ১১টার সময় অবতরণ করতে না পেরে চট্টগ্রাম ফিরে যায়।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে শনিবার ছয় ঘন্টা ফেরি ও লঞ্চ চলাচল এবং মাওয়া ফেরি ঘাটে শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা অফিস জানায়, পদ্মা-যমুনায় ঘন কুয়াশার কারণে শনিবার ভোর ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পাটুরিয়া, দৌলতদিয়া ও কাজীর হাট নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে।

এসময় যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে চারটি এবং দৌলতদিয়া ঘাটে চারটি রো-রো ফেরি আটকা পড়ে। উভয় ঘাটে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

মাওয়া ফেরি ঘাটে শুক্রবার রাতে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ৮টার পর থেকে কুয়াশা কেটে গেলে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি লেন্টিং, কুমারি, কেতকী ও শৈবাল প্রায় ১,০০০ যাত্রী নিয়ে অপর প্রান্তে পৌঁছাতে পারেনি। শনিবার সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হয়।

বিআইডব্লিউটিএ- এর একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, যানবাহনের চাপ কম থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়নি। তবে ঈদের ছুটি কাটিয়ে যাত্রীদের ঢাকা ফিরে আসা শুরু হলে যানজট আরো ভয়াবহ আকার নিত।

এছাড়া মুক্তারপুর ফেরিঘাট থেকেও সারা রাত কোনো ফেরি চলাচল করেনি। এসময় তীব্র শীতের মধ্যে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

জিয়া বিমানবন্দরের অনুসন্ধান বিভাগ জানায়, খারাপ আবহাওয়ার কারণে গত কয়েক দিন ধরে ফ্লাইট সিডিউল পুনঃনির্ধারণ করা হচ্ছে।