২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনায় পদদলিত হয়ে ১১ বাংলাদেশী নিহত: পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবের মিনার জামারাতে বৃহস্পতিবারের পদদলিত হওয়ার ঘটনায় ১১ বাংলাদেশীর মৃত্যু হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 04:49 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শনিবার বিডিনিউজকে বলেন যে, তারা এ পর্যন্ত ১১ বাংলাদেশীর মৃত্যুর খবর পেয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন হজ পালন করতে সেখানে যায়, একজন আসে আবুধাবি থেকে এবং বাকি চারজন সৌদি অভিবাসী।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় ১৩ বাংলাদেশী নিখোঁজ রয়েছে এবং আহত অবস্থায় ১০জন হাসপাতালে ভর্তি বলে জানায়। মিনার জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়ে মারার ওই ঘটনায় কমপক্ষে ৩৬২ জন নিহত ২৮৯ জন আহত হয়।

যদিও মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা মালয়েশিয়ার হজ প্রতিনিধি দলের প্রধান দাতুক ড. আজমী আহমেদের উদ্ধৃতি দিয়ে জানায়, তিনি হাসপাতালে তিনজন ইন্দোনেশিয়া, তিনজন চীনা, একজন পাকিস্তানি ও একজন বাংলাদেশীর লাশ দেখেছেন। কিন্তু নিহত ওই বাংলাদেশীর নাম জানা যায়নি। 

স্থানীয় সময় বেলা ১টায় এ ঘটনা ঘটে।

জামারাতের তিনটি স্তম্ভ আল-উলা, আল-উস্তা এবং আল-কুবরায় পাথর নিক্ষেপ করা হয়।