২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮, আহত ৩৩৫

দেশের বিভিন্ন স্থানে গত তিন দিনের ঈদের ছুটিতে (মঙ্গল, বুধ, বৃহস্পতি) অতিরিক্ত যাত্রী বহন ও ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা - মাওয়া সড়কে জেলার সিরাজদিখান উপজেলার আব্দুল্লাহপুর মোড়ে বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার কারণে ১৩টি যানবাহন খাদে পড়ে একজন নিহত এবং শতাধিক লোক আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী যাত্রীবাহী আপন পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে আপন পরিবহন বাসটিকে আরো একটি বাস ধাক্কা দিলে একে একে আরো ১১টি বাসের মধ্যে সংঘর্ষ হয় এবং সবকটি বাসই খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় একজন নিহত এবং শতাধিক যাত্রী আহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

তবে মোট কতগুলো বাস খাদে পড়েছে এবং হতাহতের সংখ্যা কতো,  সে ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। ওই দুর্ঘটনার ফলে ঢাকা - মাওয়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ৩৫ জন আহত হয়।

গুরুতর আহত ১৫জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল পৌনে ৪টায় আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীবাহী লোকাল বাস (ঢাকা মেট্রো চ ৪১৯৫) বিশ্বরোডের মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টেম্পু ও ট্রাক্টরসহ পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উবায়দুল্লাহ (৩৫), হাফেজ বোরহান উদ্দিন (২০) ও হেফজু মিয়া (১৮) নামের তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ৩৫ জন।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।

বিডিনিউজ রংপুর ও পঞ্চগড় প্রতিনিধি পুলিশ এবং প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, রংপুর এবং পঞ্চগড়ে বুধবার ভোরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় একটি ট্রাক এবং একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ৬০ জন আহত হয়।

বিডিনিউজ রংপুর প্রতিনিধি জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত ও ৬৪ জন আহত হয়।

রংপুরের মিঠাপুকুরের বলদীপুকুর এলাকায় বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ঢাকা - রংপুর ও রংপুর -- ঢাকা রুটের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ছয়জন আহত হয়। নিহতরা হচ্ছে - আকলিমা (৩৫) ও রনজিত (২৫)। আহতদের  মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর একটি দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন মহিলাসহ চারজন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে - সৈয়দপুরের সাব্বির হোসেইন (২৮), রংপুর জেলার হাকিমপুরের আমিনুল ইসলাম (২৫) এবং একটি বাসের হেলপার রাসেল।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন, মিঠাপুকুর স্বাস্থ্য কমপে¬ক্সে ৩৫ জন এবং পীরগঞ্জ স্বাস্থ্য কমপে-ক্সে ১৫ জনকে ভর্তি করা হয়েছে।

এদিকে অপর একটি দুর্ঘটনায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় একটি বাস আরেকটি বাসকে ধাক্কা দিলে তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়।

এদিকে পঞ্চগড়ে বুধবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়। তবে এ পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করে কিছু জানা যায়নি।

বিডিনিউজের চাঁদপুর প্রতিনিধি জানান, ঘন কুয়াশার ভেতর চাঁদপুরের মতলব উত্তর থানার ষাটনল এলাকায় মেঘনা নদীতে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে যাত্রীবাহী একটি লঞ্চ এবং একটি স্টিমারকে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। এতে মোহসীন (২২) নামে একজন নিহত ও ২০ জন আহত হয়। নিহতর বাড়ি মতলবের করবন্দ এলাকায়।

এ ঘটনায় নয় বছরের শিশু তানহা এখনো নিখোঁজ রয়েছে।

প্রত্যক্ষদর্শী জানায়, মতলব থেকে ছেড়ে আসা ঢাকাগামী লেপচা স্টিমার ও ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী আবাবিল লঞ্চের মধ্যে ওই সংর্ষের ঘটনা ঘটে। এতে লেপচার বাম পাশের কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতি হয়।

আহত ২০ জনের মধ্যে ছয়জনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

বিডিনিউজের রাজবাড়ি প্রতিনিধি জানান, দৌলতদিয়া - খুলনা মহাসড়কে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ের কাছে মঙ্গলবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে মাহবুব (২০) নামে একজন টেম্পোযাত্রী নিহত হয়েছে।

পুলিশ জানায়,  ঈদে বাড়ি ফেরার পথে দৌলতদিয়া ঘাট থেকে ওই যুবক টেম্পোতে চড়ে আসার সময় দুর্ঘটনা ঘটে। পথে একটি ট্রাক আচমকা টেম্পোটিকে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। আরেকটি দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মাহবুবের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার চৌমহনী গ্রামে।

বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, ঈদের দিন বুধবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা বাইপাস সড়কে যাত্রীবাহী একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মাদ্রাসা শিক্ষক আমির হোসেন (৬৫)। উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘাতক বাস চালক সিদ্দিকুর রহমানকে জনতা মারধোর করে পুলিশে সোপর্দ করে।

বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়ক গোলচত্বরে মঙ্গলবার ভোরে একটি ট্রাক উল্টে ৪৮ জন আহত হয়।

ঘন কুয়াশার কারণে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রবিউল (৩০), বাবু (২৫), রাশিদুল (৪০) ও আহমেদকে (৩২) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর ৪৪ জনকে সৈয়দপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ঘন কুয়াশার ভেতর বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে জেলার যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৪০ জন যাত্রী আহত হয়। ঢাকাগামী নাইট স্টার পরিবহন ও বিপরীত থেকে আসা গাইবান্ধাগামী দুটি বাসের মধ্যে ওই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে পাঁচ/ ছয় জনের অবস্থা আশংকাজনক।

এছাড়া গাজীপুর, টঙ্গী ও চাঁপাইনবাবগঞ্জে আরো কয়েকটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।