ঈদের ছুটিতে দেশের বিভিন্ন জায়গায় পৃথক পৃথক ঘটনায় নিহত ২, আহত ২৫
ঈদের ছুটিতে তিনদিনে দেশের বিভিন্ন জায়গায় পৃথক পৃথক ঘটনায় দুইজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।
বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম সৈয়দ খাঁ (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার রাত ১০টার দিকে একদল সশস্ত্র লোক সৈয়দ খাঁকে ঘর থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে।
এসময় সন্ত্রাসীদের হাত থেকে সৈয়দ খাঁকে বাঁচাতে এসে তার পিতা আবদুর রহিম (৫০) সহ অপর পাঁচজন গুরুতর আহত হয়।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ ভোলা প্রতিনিধি জানান, ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও বন্দুক যুদ্ধে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন দীর্ঘদিন পর এলাকায় ফিরে এসে একটি মিছিল বের করলে বিএনপি কর্মীরা হামলা চালায়। এতে সংঘর্ষের সূত্রপাত হয়।
এসময় উভয় দলের নেতা কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও বন্দুক যুদ্ধে ১৫ জন আহত হয়। এছাড়া সাতজন গুলিবিদ্ধ হয়।
বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঘুরঘুরিয়া গ্রামে সোমবার বিকালে জমিজমা সংক্রান্ত বিরোধে একজন নিহত ও পাঁচজন আহত হয়।
নিহতের নাম অশোক কুমার (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, নরেন বাসার তার নিজ জমি চাষ করতে গেলে পাশের জমির মালিক রজেনের সাথে ক্ষেতের আইল নিয়ে প্রথমে ঝগড়া শুরু হয় এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দু’পক্ষ রামদা দিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অশোক গুরুতর আহত হলে তাকে প্রথমে বালিয়াকান্দি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই তার মৃত্যু হয়।
এছাড়া এ ঘটনায় আহত হয়- নরেন বাসার, রনজিৎ বাসার, দেবরতœ, রনি এবং স্মৃতিশ।
পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন নরেন বাসার ও রনজিৎ বাসারকে গ্র্রেপ্তার করেছে।
বিডিনিউজ প্রতিনিধিরা জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে রাজশাহী ও মৌলভীবাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
