২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বোধনের ৬ মাস পরও চালু হয়নি নীলফামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল

উদ্বোধনের প্রায় ৬ মাস পরও চালু হয়নি নীলফামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল। মালিক ও শ্রমিক সমিতির অনাগ্রহের কারণে প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালটি পড়ে আছে অরক্ষিত অবস্থায়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

স্থানীয় লোকজন অভিযোগে জানান, শহরের ভিতর ব্যস্ততম এলাকাগুলোতে এলোপাথারি বাস-ট্রাক রাখার কারণে জনদুর্ভোগ যেমন চরম আকার ধারণ করছে তেমনি বাড়ছে দুর্ঘটনাও।

সংশিষ্ট সূত্র জানায়, এলজিইডি কর্তৃপক্ষ ২০০৪ সালের ৩১ মে নীলফামারী বাসটার্মিনালের নির্মাণ কাজ শেষ করে হস্তান্তরের চিঠি দেয় নীলফামারী পৌরসভাকে।

কিন্তু বাস টার্মিনাল উদ্বোধন করার জন্য জেলা বিএনপি নেতৃবন্দের পছন্দ ছিলো জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এহছানুল হক মিলন।

অবশেষে দীর্ঘ এক বছর পর ২০০৫ সালের ২৬ জুন জেলার দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রতিমন্ত্রী টার্মিনালটি উদ্বোধন করেন।

অন্যদিকে সরকারী দলের অন্য এক অংশসহ পৌর পরিষদের দাবী হলো, পিছিয়ে পড়া নীলফামারী পৌরসভার উন্নয়নের বিষয়টিকে তুলে ধরার জন্য স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়াকে দিয়ে বাসটার্মিনাল উদ্বোধন করাতে হবে। ১৯৮৪ সালে মহকুমা শহর নীলফামারী জেলায় উন্নীত হলেও দীর্ঘ দিনেও জেলা সদরে কোন বাস টার্মিনাল গড়ে ওঠেনি। মিউনিসিপ্যাল সার্ভিসেস প্রজেক্টের আওতায় ২০০০ সালে প্রথম নীলফামারীতে বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়। তা বাস্তবায়নের জন্য সে বছরই জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখাকে বাস টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণ করতে বলা হয়। সে অনুযায়ি শহরের প্রবেশ দ্বারে ইটাখোলা ইউনিয়ন, কুখাপাড়া ও সুঠিপাড়া মৌজায় টার্মিনালের জন্য জমি দেখা হলে নীলফামারী পৌরসভা ওই জমি নেয়ার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ জানায়।

কিন্তু ওই জমি অধিগ্রহনের শুরুতেই বিপত্তি ঘটে জমির মালিকানা নিয়ে দু’ ব্যক্তির বিরোধে। বিরোধ মিটিয়ে ২০০২ সালের ১ ডিসেম্বর ৫ লাখ ৯১ হাজার টাকায় ৩ একর ৩১ শতাংশ জমি অধিগ্রহণ করে বাস টার্মিনাল নির্মাণের জন্য জমি হস্তান্তর করা হয়।

২০০৩ সালে ১ জানুয়ারী ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে বাস টার্মিনালের চুড়ান্ত চুক্তি সই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাস টার্মিনালের নির্মাণ কাজ শেষ করা হয় ২০০৪ সালের ৩১ মে এবং ২০০৫ সালের ২৬ জুন বাস টার্মিনালের উদ্বোধন করা হয়।

এ ব্যাপারে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী বিডিনিউজকে জানান, মালিক সমিতির নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত থাকায় টার্মিনালটি চালু করা সম্ভব হচ্ছে না।