বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ ‘এক ভয়ংকর ধারণা’: মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন সংক্রান্ত বিতর্কের শান্তিপূর্ণ সুরাহা করতে ব্যর্থ হওয়ার পরও দেশটিতে সামরিক হস্তক্ষেপের ধারণা করাটি ‘ভয়ংকর’।
বাংলাদেশের কয়েকজন কূটনৈতিক রিপোর্টারের সাথে ওয়েবসাইটে চ্যাটকালে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্ক বিষয়ক পরিচালক স্টিভ এংলিকেন বলেন, না, আমি তা মনে করি না। বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ একটি ভয়ংকর ব্যাপার হিসেবে দেখা দেবে। আর আমার ধারণা, বাংলাদেশের সামরিক বাহিনী সে সম্পর্কে অবগত।
রিপোর্টারদের সঙ্গে চ্যাটকালে মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, দুর্নীতি, স্বচ্ছ ও কারচুপিমুক্ত নির্বাচন অনুষ্ঠান ও বাণিজ্য সংক্রান্ত সমস্যাসহ বাংলাদেশ যে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করছে, সে ব্যাপারে স্টিভ আলোচনা করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতন্ত্রের জন্যে বাংলাদেশের মানুষ কঠিন সংগ্রাম করেছে। তারা গণতন্ত্রের জন্যে যে ত্যাগ স্বীকার করেছে, খুব কম মার্কিন নাগরিক তা কল্পনা করতে পারে।
তিনি বলেন, জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্র অর্জন করা সম্ভব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় রাখার জন্যে বাংলাদেশ যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশের সকল আন্তর্জাতিক বন্ধুর সমর্থন রয়েছে। আর পরবর্তি সংসদ নির্বাচন তাই সকলের অংশগ্রহণমূলক এবং তা স্বচ্ছ ও কারচুপিমুক্ত হওয়া জরুরি।
স্টিভ দেশের বড় রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণ করা এবং সব কিছুর আগে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ ইস্যু মোকাবিলায় সহযোগিতা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্টিভ বলেন, সন্ত্রাসবাদ ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে আমরা নিয়মিতভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ সরকার যদি এ সংক্রান্ত আলোচনা আরও আনুষ্ঠানিক করতে চায়, তাহলে আমরা তা গুরুত্বের সাথে বিবেচনা করে দেখতে পারি।
সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা প্রদানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ও ঢাকার জবাব সম্পর্কে স্টিভ বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, সম্প্রতি দেশটিতে বিভিন্ন বোমা হামলার তদন্তের ব্যাপারে সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি বলেন, বোমা হামলার সাথে জড়িত শীর্ষ নেতারা এখনও অধরা থাকলেও আমি আশা করছি, তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত সরকার ক্ষান্ত হবে না। বোমা হামলার পেছনে জড়িত সবাইকে সরকার গ্রেপ্তার করতে সমর্থ হবে।
তদন্ত প্রক্রিয়া আরও কার্যকর করতে বাংলাদেশের আন্তর্জাতিক বন্ধুরাষ্ট্রগুলো দেশটিকে কারিগরি সহযোগিতা দিতে পারে।
তিনি বলেন, তারপরও এ সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলা করার ক্ষেত্রে সরকারের দায়টা বেশি। দেশের ভেতরে কী ঘটছে, তা বিদেশিদের চেয়ে সরকারই ভাল জানবে।
বাংলাদেশের দুর্নীতি সমস্যা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ মিলেনিয়াম চ্যালেঞ্জের নানা দিক পূরণ করলেও দুর্নীতি মোকাবিলার ক্ষেত্রে এখনও সমস্যা রয়ে গেছে।
তার ভাষায়, এটি একদিনের সমস্যা নয়, দীর্ঘদিনের। এটি মোকাবিলা করতে সর্বদলীয় প্রচেষ্টা প্রয়োজন।
বঙ্গোপসাগরে কোনও সামরিক ঘাঁটি স্থাপন করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও পরিকল্পনা রয়েছে কিনা-- এ প্রশ্নের জবাবে স্টিভ বলেন, সে রকম কিছু করা হবে কিনা, সে ব্যাপারে আমি কিছু শুনিনি।
