২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবিত্র ঈদুল আজহা বুধবার

মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল আজহা বিশ্বের অন্যান্য স্থানের মতো যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বাংলাদেশে পালিত হতে যাচ্ছে ১১ জানুয়ারি বুধবার ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

হযরত মুহাম্মদ (স.)-এর আবির্ভাবের প্রায় ২০০০ বছর পূর্বে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এ উৎসব পালনের প্রেক্ষাপট রচিত হয়। খ্রিস্টপূর্ব ১৫০০ সালে আল্লাহকে খুশি করার জন্যে নিজপুত্র হযরত ইসমাঈলকে (আ.) কোরবানি করার জন্যে হযরত ইব্রাহীম (আ.) যে উদ্যোগ নিয়েছিলেন, তার রীতি হিসেবে মুসলমানরা আল্লাহর নামে হালাল প্রাণী কোরবানি দিয়ে থাকেন।

বাইবেল ও কোরআনসহ অন্যান্য পবিত্র ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে, একদা আল্লাহ তার প্রতি হযরত ইব্রাহীম (আ.) এর আনুগত্য পরীক্ষা করার জন্যে ইব্রাহীমকে তার সবচেয়ে প্রিয় বস্তুকে তার (আল্লাহ) নামে উৎসর্গ করার নির্দেশ দেন।

ইব্রাহীম (আ.) ভেবে দেখলেন, তার পুত্র ইসমাঈলই তার সবচেয়ে প্রিয়। অবশেষে তিনি আল্লাহর জন্যে পুত্র ইসমাঈলকেই কোরবানি করার মনস্থির করেন।

পরিকল্পনা অনুযায়ী ইব্রাহীম (আ.) আল্লাহর প্রতি তার ভালবাসা ও আনুগত্য প্রকাশের প্রতীক হিসেবে পুত্র ইসমাঈলকে নির্জন স্থানে নিয়ে নিজ হাতে জবাই করার উদ্যোগ নেন। ঠিক সেই মুহূর্তে গায়েবি আওয়াজের মাধ্যমে আল্লাহ জানান, তিনি ইব্রাহীমের আনুগত্যে মুগ্ধ এবং পুত্র ইসমাঈলের পরিবর্তে তিনি একটি মেষ কোরবানির নির্দেশ দেন।

সেই থেকে মুসলমানদের জন্যে যুগ যুগ ধরে হিজরী সনের জিলহজ মাসে কোরবানি দেওয়ার রীতি চালু রয়েছে।

ধর্মীয় অন্যান্য বিধিমালার মতো ঈদুল আজহার সময় এ কোরবানি করার রীতি চালু করে ইসলাম। কোরবানির উদ্দেশ্য খুবই তাৎপর্যপূর্ণ। এটি কেবল নির্বোধ একটি প্রাণী কোরবানিই নয়, এটি আল্লাহর প্রতি মুসলমানদের আনুগত্যের প্রতীক হিসেবে আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত।

হাজিদের জন্যে কোরবানি করা ফরয। কোরবানি করা পশুর মাংস দুঃস্থদের মাঝে বিতরণের মাধ্যমে সাম্যের শিক্ষা দেয় ইসলাম।  

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার পৃথক বাণীতে মুসলিম বিশ্বের নেতা ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ তার শুভেচ্ছাবার্তায় বৃহত্তর মানব কল্যাণ এবং অব্যাহত উন্নয়নের লক্ষ্যে মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন।

পৃথক এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। ইসলামের বৃহত্তর স্বার্থে মুসলিম উম্মাহর ভাতৃত্ব ও সহযোগিতামূলক মনোভাবের আরও সংহতি কামনা করেন তিনি।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা।

বরাবরের মতো এবারও হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সিটি কর্পোরেশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। তবে আবহাওয়া বিরূপ থাকলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

মহিলা এবং বিদেশী কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের জন্যে ঈদগাহ ময়দানে জামাত আদায়ের আলাদা ব্যবস্থা রেখেছে সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশন এবার ঢাকার ৯০টি ওয়ার্ডে ৩৬১টি ঈদ জামাতের আয়োজন করবে।

ঢাকা সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীর বিনোদনের জন্যে ঈদের আগের দিন শিশুপার্কসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ঈদের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এবং ঈদের পরের দিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে এসব বিনোদন কেন্দ্র।

এদিকে নগরীকে পরিচ্ছন্ন রাখতে ঈদে জবাই করা পশুর বর্জ্য অতি দ্রুত সরিয়ে ফেলার জন্যে সিটি কর্পোরেশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।