২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানী

নগরীর বিপুল সংখ্যক মানুষ প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ীর টানে আপন ঠিকানায় ছুটে যাওয়ায় রাজধানী ঢাকা যেন মরুভূমিতে পরিণত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বাস টার্মিনাল, শপিংমলগুলো ছাড়া নগরীর বেশিরভাগ স্থানই ছিল ফাঁকা।

সোমবার থেকেই রাজধানীর ভেতরে বাস, মিনিবাসসহ যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় অনেক কম। নগরবাসীকে নিত্যদিনের মত বাদুড়ঝোলা হয়ে বাসে চড়তে হয়নি অভ্যন্তরীণ অনেক রুটেই। তবে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, সদরঘাট, ও কমলাপুরের দিকে যাওয়া গাড়িগুলোতে বেশ ভিড় দেখা যায়। কারণ, এসব এলাকার বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশন হয়ে ঘর ফিরতি মানুষ যাচ্ছে নিজেদের গন্তব্যে।

মঙ্গলবার থেকে তিনদিনের ঈদের ছুটি শুরু হচ্ছে। ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় রাজধানীর শপিংমল ও মুদি দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

যাত্রী সংখ্যা কম হওয়ায় রিক্শা ও অটো রিক্শাাচালকরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে। যাত্রী কম-- এ অজুহাতে তারা বেশি ভাড়া হাঁকছে।

লোকসংখ্যা কমে যাওয়ায় কমেছে ট্রাফিক জ্যাম।

গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর, সদরঘাটসহ অন্যান্য রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে দেখা যায় ঘরে ফেরা মানুষের ভিড়।

ঈদের ছুটিতে রাজধানীর প্রায় ৫০ লাখ মানুষ ছুটে গেছে আপন ঠিকানায়। অবশ্য শনিবার থেকেই তারা ফিরতে শুরু করবেন।