২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র ঢাকা জোনের প্রধান এনায়েতের স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুরে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার

গাজীপুর পৌরসভার দক্ষিণখান এলাকার একটি কবরস্থান থেকে পুলিশ রোববার রাতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র ঢাকা জোনের প্রধান এনায়েতুল্লাহ ওরফে জুয়েলের স্বীকারোক্তি অনুযায়ী এসব উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি নাইন এমএম পিস্তল, একটি ১২ বোরের সিঙ্গেল শুটার গান, দু’টি নাইন এমএম সিঙ্গেল শুটার গান, সাড়ে তিন কোজি মিশ্রিত বিস্ফোরক, থ্রি-নট-থ্রি রাইফেলের ১০ রাউন্ড গুলি, নাইনএমএম এর নয় রাউন্ড গুলি, ১২ রাউন্ড কার্তুজ, তিনটি বড় ছোরা, একটি ক্ষুর, একটি ছোরার খোল ও দু’টি কালো কাপড়ের মুখোশ।

এর মধ্যে থ্রি--নট--থ্রি’র ১০ রাউন্ড গুলি জঙ্গিদের নিজেদের প্রযুক্তি অনুযায়ী নিজস্ব কারখানায় প্রস্তুত। সমরাস্ত্র কারখানায় প্রস্তুতকৃত গুলির তুলনায় আকারে তিনগুণ বড় এবং অগ্রভাগ বেশি সুঁচালো।

পুলিশ জানিয়েছে, রিমান্ডে থাকা এনায়েতের তথ্য অনুযায়ী তাকে নিয়ে রোববার রাতে শহর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণ--পূর্বে দক্ষিণখান এলাকার একটি কবরস্থানে হানা দেয়। পরে এনায়েতের দেখানো একটি পুরাতন কবরের গর্তে ট্র্যাভেল ব্যাগের মধ্যে রাখা ওইসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

পুলিশ ৫ ডিসেম্বর ভোরে গাজীপুর তেলিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এনায়েতুল্লাহকে স্ত্রী--পুত্রসহ গ্রেপ্তার করে। ওইদিন সন্ধ্যায় তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের দক্ষিণ ছায়াবিথীর একটি বাসা থেকে নয় কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে।

এনায়েতকে গ্রেপ্তারের ৩৪ দিন পর এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হলো।