২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে তীব্র শীতে শিশুসহ ১৯ জনের মৃত্যু

কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় তীব্র শীতের কারণে শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৩০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 05:02 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বিডিনিউজ-এর ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শুক্রবার থেকে শুরু হওয়া গত চারদিনের প্রচণ্ড শীত ও শৈত্য প্রবাহে নানা রোগে আক্রান্ত হয়ে কমপক্ষে ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

তারা হলেন-- সদর উপজেলার কুজি শহর গ্রামের তারা বানু (৬৫), কলেজপাড়া গ্রামের জয়গুন (৭০), তাজপুর গ্রামের মজিরন বিবি (৬৫), চুনিহারি গ্রামের রহমত আলী (৭২), ভুল্লী গ্রামের আকাশ (৫), কেশুর বাড়ি গ্রামের ক্ষিরধর (৫০), পারপুগি গ্রামের ফারুক (২), দানারহাট গ্রামের আব্দুল মালেক (৬২) এবং শহরের বাসস্ট্যান্ড এলাকার আব্দুল মান্নানের পুত্র মুরাদ (১)।

এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৪তে দাঁড়াল।

রোববার জেলায় তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করেছে।

বিডিনিউজ-এর পাবনা প্রতিনিধি জানায়, তীব্র শীতে পাবনা সদর উপজেলার মাঝপাড়ার তছিরুন বেওয়া (৭২), রানীনগরের শেতল (৭৮), সাদীপুরের নুন মিয়া (৭৭) ও সাঁথিয়ার তেবাড়িয়া গ্রামের তাজেলের (২) মৃত্যু ঘটেছে।

পাবনা এবং তার আশেপাশের এলাকায় চলছে তীব্র শৈত্যপ্রবাহ। উত্তরের কনকনে বাতাসে জীবনযাত্রা অচল হয়ে পড়ছে। ছিন্নমূল ও গরীবদের দুর্ভোগ চরমে উঠেছে।

এদিকে পাবনা জেলা প্রশাসনের ভাণ্ডারে কোন শীতবস্ত্র নেই বলে জানা গেছে।

বিডিনিউজ-এর কুড়িগ্রাম প্রতিনিধি জানান, তীব্র শীতের কারণে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগের প্রকোপে কুড়িগ্রামে গত ৪৮ ঘন্টায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

হরিকেশ গ্রামের নিশাত (৩), সাহেবের আলগা চরের ময়না (৩), বড়ভিটা গ্রামের মতিয়ার (২ মাস) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। আর শীতজনিত রোগে আক্রান্ত হয়ে নারায়ণপুরের কাশেম আলী (৭৫) ও আমতলা গ্রামের নকুল বৈরাগী (৪৫) মারা গেছে।

এ নিয়ে গত তিন দিনে জেলায় কমপক্ষে আট জন মারা গেল।

এদিকে বিডিনিউজ-এর খুলনা প্রতিনিধি জানান, খুলনায় গত দু’দিনের তীব্র শীতের কারণে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৩০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের অনেকের অবস্থা আশংকাজনক।