জয়পুরহাট জেলা প্রশাসন ও জজ কোর্ট ভবন উড়িয়ে দেওয়ার হুমকি, ব্রাহ্মণবাড়িয়ায় বোমা সদৃশ বস্তু উদ্ধার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন চিঠির মাধ্যমে জয়পুরহাট জেলা প্রশাসন চত্বর ও জজ কোর্ট ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
জয়পুরহাট জেলা প্রশাসকের কাছে ডাকযোগে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসক মহিবুল হোসাইন জানান, জেএমবি’র অজ্ঞাতনামা আত্মঘাতী সদস্যের পরিচয় দিয়ে লেখা চিঠিতে বলা হয়, রোববারের মধ্যে জেলা প্রশাসন চত্বর ও জজ কোর্ট বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
এ হুমকির প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, জজ কোর্ট ভবন, হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, বাস টার্মিনালসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী জানান, জেলা শহর ও পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ এলাকাসমূহে পুলিশ ও র্যাব এর যৌথ টহল জোরদার করা হয়েছে। এছাড়া সাদা পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জেলার সর্বত্র তীক্ষè দৃষ্টি রাখছে।
এদিকে বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়া মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শহরের পশ্চিম পাইকপাড়ার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ঝাড়–দার রোববার সকালে অফিস ঝাড়– দেওয়ার সময় বারান্দার ফুলের টবের মাঝে স্কচটেপ এবং ইলেক্ট্রিক তার দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। পরে খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দেখা যায় কৌটার মধ্যে বালু ভরে স্কচ টেপ ও তার দিয়ে মোড়ানো ছিল।
