বগুড়ার শেরপুরে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ৩৫, আপডেট
বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বাজারে রোববার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।
আহতদের বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেনÑবগুড়ার ধুনট উপজেলার ঘুগড়াপাড়া গ্রামের আবদুল বারিকের ছেলে ব্যবসায়ী মাসুদুল আলম (৩২), ধুনটের কুমারিয়াডাঙ্গা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে স্কুল শিক্ষক জাহেদুর রহমান (৩৫), তার স্ত্রী নাসরীন জাহান লিপি (২৫), কোচের হেলপার শেরপুরের শ্রীরামপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে আরিফুর রহমান (২২), টাঙ্গাইলের মীর্জাপুরের নরেন্দ্র নাথ সরকারের মেয়ে কলেজ ছাত্রী কণিকা সরকার (২৫) ও ময়মনসিংহের ভালুকা বাহুলী গ্রামের মাসুদ আলম (২৮)। নিহত অন্য দু’জনের নাম-পরিচয় জানা যায়নি এবং একজনের লাশ দুর্ঘটনার পর পরই তার স্বজনরা নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতদের মধ্যে মনছের আলী (৫০), সুমি (১৬), হোসেন আলী (৩৫), শামীমা (২০), নজরুল ইসলাম (৩৫), ফজিলা (৩৫), আফসার (৫৫), দুদু (৪৫), ফিরোজা বেগম (৫০), নিশীথ (৩২), আবেদ আলী (৪৫), দেলোয়ার (৫৩), শফিকুল (৩০), আমিনুল (২২), মৌসুমী (২৪), শরিফ (২৫), আশা লতা (৪৫), মিনহাজুল (৩৫), হাবিবুর (৩০), সোহেল (৩০), আবদুর রাজ্জাক (৩৫), শাহজাহান (৫০) ও সিরাজুলকে (৩৫) বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শেরপুরের মহিপুর বাজারে সকাল সোয়া ৮টার দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে বগুড়াগামী করতোয়া গেটলক বিদ্যুৎ এন্টারপ্রাইজের (ঢাকা-জ-৩৪১৫) একটি বাস বিপরীতমুখী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ঢাকাগামী এস.এ পরিবহনের অপর একটি বাসকে (ঢাকা-মেট্রো-ব-১৪-০২৮৫) সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উভয় বাসের পাঁচ যাত্রী নিহত হয়। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল, শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
পরে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন তিন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর দুটি বাসই মহাসড়কের উপর থাকায় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
