বাস, লঞ্চ টার্মিনাল এবং ট্রেন স্টেশনগুলোতে ঘরমুখো মানুষের ঢল: ফাঁকা হতে শুরু করেছে রাজধানী
পরিবার পরিজনের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। ঢাকার বাস ও লঞ্চ টার্মিনাল এবং ট্রেন স্টেশনগুলোতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে।
এদের অনেকেই শেষ মুহূর্তের দুর্ভোগ এড়াতে আগেই টিকেট বুকিং দিয়ে রেখেছিলেন। তবে রোববারও অনেককে কাঙ্খিত যানবাহনের কাউন্টারগুলোতে টিকেটের খোঁজে ছুটতে দেখা গেছে ।
শুক্র ও শনিবারের ছুটির পর মাত্র দুই দিন অফিস থাকায় অনেকেই আগেভাগে ছুটি নিয়ে ঘরে ফিরতে শুরু করেন। এ কারণে বৃহস্পতিবার থেকেই শুরু হয় মানুষের ঘরে ফেরা। তবে সরকারি ও বেসরকারি অফিসে কর্মরতদের অনেককেই অপেক্ষা করতে হচ্ছে শেষ দিন পর্যন্ত।
শেষ মুহূর্তে ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়ে টিকেট না পেয়ে অনেকেই ব্যর্থ মনোরথে ফিরে গেছেন। কেউ কেউ অনেকটা ঝুঁকি নিয়েই নিুমানের যাত্রীসেবার পরিবহনগুলোকেই ঘরে ফেরার সাথী করেছেন।
বেসরকারি চাকরিজীবী হেলালউদ্দিন ঢাকার মহাখালি টার্মিনাল থেকে কুড়িগ্রাম যেতে রোজিনা পরিবহনের টিকেট কিনেছেন।
তিনি জানালেন, টিকেট পাওয়ার ঝামেলা এড়াতে পরিবারের সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এখন নিজের ঘরে ফেরার পালা। জানুয়ারি মাসের শুরুতেই নিজের জন্যে একটি টিকেট যোগাড় করতে তাকে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে।
দিনাজপুরের যাত্রী শ্যামল জানালেন, শেষ মুহূর্তে ঘরে ফেরার সিদ্ধান্ত নেওয়ায় টিকেট যোগাড় করতে পারেননি। তাই শেষ পর্যন্ত তাকে নিুমানের যাত্রীসেবরা বাসে করে ফিরতে হবে।
নগরীর বাস টার্মিনালগুলোতে ঘুরে দেখা গেছে, হাজার হাজার মানুষ গাড়ির জন্যে অপেক্ষা করছেন। যেনো কোনো রকমে একটি বাসে উঠতে পারলেই রক্ষা।
একই অবস্থা ঢাকার কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও। কয়েকদিন আগে টিকেট কেটে রাখা যাত্রীর সাথে টিকেট না পাওয়া যাত্রীদের ভীড়। কোথাও এতটুকু দাঁড়াবার ঠাই নেই। লঞ্চ ও ট্রেনে গাদাগাদি করে মানুষকে ঘরে ফিরতে দেখা যায়।
পরিবহন সংশ্লিষ্টরা জানালেন, যাত্রীদের চাপ এবার আগের থেকে অনেক কম। আগে থেকেই অনেকে পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দেওয়ায় এবার চাপটা অন্যান্যবারের তুলনায় কম। তারপরও বাড়তি যাত্রীর জন্যে নামিদামি পরিবহনগুলো অতিরিক্ত গাড়ির ব্যবস্থা করেছে।
