জেএমবি সদস্যদের সামাজিকভাবে বয়কট করুন: আহলে হাদিস
আহলে হাদিস নেতৃবৃন্দ রোববার জেএমবি সদস্যদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান।
তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী নিজের আত্মীয় হলেও তাদের সাথে কোনো আপোষ নেই।
দেশব্যাপী অব্যাহত বোমা হামলা ও আহলে হাদিস আন্দোলন নেতৃবৃন্দের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে রোববার সকাল ১১টায় আহলে হাদিস যুবসংঘের ঢাকা জেলা কার্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ আহলে হাদিস আন্দোলনের নেতা ড. গালিবসহ ১৩ জন নেতা--কর্মীর মুক্তি দাবি করেন।
যুবসংঘের জেলা সভাপতি হাফেজ আবদুল্লাহ আল মাসুম--এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাসিক আত--তাহরীক--এর সম্পাদক ড. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন, আবদুল ওয়াদুদ, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা নুরুল আলম, মুহাম্মদ মহসিন আকন্দ এবং জাফর ইকরাম।
