চট্টগ্রামে ধর্মঘটী শ্রমিকদের ওপর পুলিশি হামলায় ৩ পুলিশসহ ১৫ জন আহত, ৮ শ্রমিক আটক
চট্টগ্রাম ইউরিয়া সার লিমিটেডের (সিইউএফএল) একটি প্রকল্পে অবস্থান ধর্মঘটরত কয়েকশ’ শ্রমিকদের ওপর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হামলায় শনিবার তিন পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে অবস্থান ধর্মঘটরত বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ এবং লাঠিচার্জ করে।
ধর্মঘটী শ্রমিকরা পুলিশের একটি মটরবাইক ভাংচুর করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, অতিরিক্ত কাজের জন্যে পারিশ্রমিক প্রদানের দাবিতে ধর্মঘটরত শ্রমিকদের মধ্য থেকে পুলিশ কমপক্ষে আটজন শ্রমিককে আটক করেছে।
নির্মাণকাজে শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান নবী হোসেন অ্যান্ড কোম্পানির ৪০০ জনের মত শ্রমিক শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ধর্মঘট শুরু করে।
এ সম্পর্কে কর্ণফুলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকলাসুদ্দিন আহমেদ জানান, ধর্মঘটী শ্রমিকরা কর্ণফুলী গেট থেকে মিছিল বের করে সিইউএফএল কার্যালয়ের দিকে বিক্ষোভ প্রদর্শন করে এগিয়ে যাওয়ার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
তিনি জানান, গুলির আওয়াজ শুনে ক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ পোস্টে হামলা চালায় এবং পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় তারা পুলিশের একটি মোটরবাইকেও আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়।
আহত দুই পুলিশ সদস্য মমতাজুদ্দিন ও সুক্রা চাকমাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত শ্রমিকরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করায় তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
এ ঘটনার পর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার মাধ্যমে উত্তেজিত শ্রমিকদের শান্ত করতে সমর্থ হন।
এ ঘটনার সাথে জড়িত কমপক্ষে আটজন শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করে কর্নফুলী থানায় নিয়ে গেছে। পুলিশের ওপর হামলা, জনগণের সম্পত্তির ক্ষতিসাধন ও কেপিআই এলাকায় বিক্ষোভ প্রদর্শন করার অভিযোগে পুলিশ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
