প্রতারিত ৪৯ হজ পালনেচ্ছু ব্যক্তির মতিঝিল থানা ঘেরাও: অভিযুক্তরা রিমান্ডে
হজ এজেন্সির প্রতারণার কারণে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যেতে না পারায় প্রতারিত ৪৯ জন ব্যক্তি শনিবার মতিঝিল থানা ঘেরাও করে কয়েক ঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে।
এদিকে হজ পালনেচ্ছুদের সাথে প্রতারণার অভিযোগে মতিঝিল থানায় দায়েরকৃত মামলায় আটককৃত তিন ব্যক্তিকে পুলিশ শনিবার দশ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে হাজির করে। আদালত সুইট ট্রাভেলসের মালিক মোহাম্মদ ওসমান গণি এবং হজ পালনেচ্ছুদের গাইড ফয়েজুল¬াহকে তিন দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন এছাড়া কাজী এয়ার ইন্টারন্যাশনালের মালিক কাজী মফিজুর রহমানকে জামিন মঞ্জুর করে।
ফেনী জেলার দাগনভুঁইয়ার বাসিন্দা হজ পালনেচ্ছু জাহাঙ্গীর আলমের মামলার প্রেক্ষিতে হজ পালনেচ্ছুদের সাথে প্রতারণার অভিযোগে মতিঝিল থানা পুলিশ শুক্রবার তাদেরকে আটক করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ হজ পালনেচ্ছুক শনিবার দুপুরে মতিঝিল থানা কয়েক ঘন্টার জন্যে ঘেরাও করে রাখে এবং টাকা ফেরতের দাবিতে তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভকারীদের কয়েকজন অভিযোগ করেন, পুলিশের কেউ কেউ আটককৃত প্রতারকদের ছেড়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল।
মতিঝিল থানা পুলিশ অবশ্য বিক্ষোভকারীদের এ অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র জানায়, অভিযুক্তদের আদালতে পাঠানোর আগে বিষয়টি মিটমাট করতে পুলিশ চেষ্টা করেছিল।
সূত্র আরো জানায়, প্রতারিত হজ পালনেচ্ছুরা সুইট ট্রাভেলস এজেন্সির মাধ্যমে হজের জন্যে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করেছে। কিন্তু কাজী এয়ার ইন্টারন্যাশনাল টিকিট সরবরাহ না করায় ৪৯ ব্যক্তি হজ পালন করতে সৌদি আরব যেতে পারেনি। কাজী এয়ার ইন্টারন্যাশনাল বিমানের টিকেট সরবরাহ বাবদ সুইট ট্রাভেলসের কাছ থেকে অর্থ পেয়েছে বলে সূত্র জানায়।
মতিঝিল থানায় সাংবাদিকদের সাথে আলাপকালে সুইট ট্রাভেলসের মালিক ওসমান গণি বলেন, কাজী এয়ার ইন্টারন্যাশনালকে আমরা টিকিটের জন্যে প্রয়োজনীয় অর্থ দিয়েছে। কিন্তু তারা হজ পালনেচ্ছুদের টিকিট সরবরাহ করেনি।
কিন্তু কাজী এয়ার ইন্টারন্যাশনালের মালিক কাজী মফিজুর রহমান বলেন, সুইট ট্রাভেলস আমাদের যে টাকা দিয়েছে, তার বিপরীতে আমরা টিকিট সরবরাহ করেছি।
হজ পালন করতে ৪৯ ব্যক্তি সৌদি আরব যেতে পারবে না জানার পর শুক্রবার ও জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের (জিয়া) ভেতরে বিক্ষোভ প্রদর্শন করে।
মতিঝিল থানার সাব--ইনস্পেক্টর (এসআই) শাহাবুদ্দিন জানান, ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে হাজির করা হয়েছিল।
গ্রেপ্তারকৃত তিন ব্যক্তিকে মুক্তি দিতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, মতিঝিল থানার এসআই শাহাবুদ্দিন তা অস্বীকার করেন।
