ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষে ৫ জন আহত
দলীয় অফিস ঘর নির্মাণকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে।
শনিবার সকাল ১০টায় রুহিয়া আওয়ামী লীগ কার্যালয়ের পাশে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের খবর পেয়ে ঠাকুরগাঁও থানার ওসি রওশন মোস্তফা এবং ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ অফিস সংলগ্ন জায়গায় রিকশাভ্যান শ্রমিক লীগের অফিস ছিল। আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কারণে শ্রমিক লীগের নেতৃবৃন্দ বিএনপিতে যোগ দেয় এবং ওই স্থানে বিএনপির অফিস নির্মাণের কাজ শুরু করে।
শুক্রবার বিকেলে বিএনপির শ্রমিকরা সেখানে কাজ শুরু করলে আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন রাতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া--পাল্টা ধাওয়া হয়।
ঘটনার জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে শ্রমিক নেতা দবিরুলসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়।
