ঢাকার আশকোনায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার
নগরীর উত্তরার আশকোনায় জেএমবি’র একটি আস্তানা থেকে র্যাব সদস্যরা শুক্রবার বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে।
উত্তরা ও টঙ্গী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের পর শুক্রবার আশকোনা থেকে র্যাব সদস্যরা আবারো বিস্ফোরক উদ্ধার করল।
র্যাব-১ এর সেকেন্ড ইন কমান্ড মেজর শরিফ এ বিস্ফোরক উদ্ধারের কথা নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবারের উদ্ধারকৃত বিস্ফোরকের সাথে বৃহস্পতিবার উদ্ধার করা বিস্ফোরকের মিল রয়েছে। তবে আশকোনায় তারা কোনও অস্ত্র পাননি বলে তিনি জানান।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
র্যাব-১ এর কমান্ডিং অফিসার মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃত জেএমবি’র গাইরি এহসার রাসেলের দেওয়া তথ্য অনুযায়ী তারা উত্তরার আশকোনায় তার (রাসেল) ভগ্নীপতির বাসায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করেন।
তবে অভিযানের আগেই রাসেলের ভগ্নীপতি সাগর বাসা থেকে পালিয়ে যায়। তার বাড়ি বরিশালের মুলাদী থানায়।
উদ্ধারকৃত বিষ্ফোরক সামগ্রীর মধ্যে রয়েছে: বিপুল পরিমাণ কেমিক্যাল, পটাশিয়াম, অ্যাসিটন, লিড অ্যাস্টিফাইনেট, পপুল্যান্ট, থিনার, লিড ইস্টাসিনাইট, চার প্যাকেট এলডিডি, বিপুল পরিমাণ তার, ১২টি ড্রিল মেশিন, মোবাইলের পাঁচটি চার্জার, ১০টি ওভেন বাল্ব, ১০টি কার্টার, ১০০টি ক্যাপাসিটর, ৬০টি লোহার বল, ঘড়ি তৈরির যন্ত্রপাতি, ৭০টি সুইচ, পাঁচটি আইসি, বিপুল পরিমাণ রেজিষ্টার ফায়ার, রেক্টিফায়ার ডায়াস, টাইম বোমা তৈরিতে ব্যবহৃত ঘড়ি, জেহাদি বই, মোমবাতি, প্লাস্টিক, সেফটি ফিউজ, ম্যাপ ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম।
র্যাব-১ এর কমান্ডিং অফিসার মনিরুজ্জামান জানান, রাসেলের ভগ্নীপতি ১ জানুয়ারি মাসে ৩০০০ টাকা দেওয়ার চুক্তিতে এ বাসা ভাড়া নেয় এবং ৫০০ টাকা অগ্রিম পরিশোধ করে।
তিনি আরও জানান, রাসেলের ভগ্নীপতি সাগর তার স্ত্রী রাবেয়া ও দুই সন্তানসহ ১ জানুয়ারি এ বাসায় ওঠে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা বাসা থেকে সটকে পড়ে বলে তিনি জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে পৃথক দুটি অভিযানে র্যাব সদস্যরা পাঁচটি রিভলবার, পাঁচটি দেশী পিস্তল, ১৫ কেজি বিস্ফোরক এবং বিপুল বোমা ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এসময় জেএমবি’র দু’জন সদস্যসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, জেএমবি’র এহসার (সার্বক্ষণিক ও আত্মঘাতী স্কোয়াডের সদস্য) ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, গাইরি এহসার (এহসারের ঠিক নিচের পদ) শফিকুল ইসলাম ওরফে রাসেল এবং যে বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয় তার মালিক মোহাম্মদ মোস্তফা।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে র্যাবের বেশ বড় একটি দল কোটবাড়ির ময়নারটেক এলাকা থেকে ওয়াহিদুল ইসলাম ওয়াহিদকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তীতে ওই এলাকা থেকেই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
অপরদিকে ওয়াহিদের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব- ১ এর অন্য একটি দল টঙ্গীর একটি বাড়িতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে। এসময় র্যাব সদস্যরা বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
র্যাব-১ সূত্র জানায়, তারা সেখানে একটি বোমা তৈরির কারখানা দেখতে পায় এবং বোমা তৈরিতে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট, ডেটোনেটর, লোহার রড, ইস্পাত, ব্যাটারি, গান পাউডার, ২৭টি হাত ঘড়ি, ইলেক্ট্রিক সার্কিট, ইলেকট্রনিক মিটার, ডিভাইস উদ্ধার করে।
র্যাবের আইন ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার ফজল বলেন, আটককৃত জেএমবি সদস্যরা ব্যবসায়ী পরিচয়ে টঙ্গীর হাসান লেনের ‘তানভির ভিলা’ নামের একটির বাড়ির নিচ তলা ভাড়া নেয়।
