২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমান বন্দরে শ্রমিক বিক্ষোভ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেশন বিভাগ বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওযার প্রতিবাদে পাঁচটি শ্রমিক সংগঠন শুক্রবার সম্মিলিতভাবে বিক্ষোভ দেখিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

চট্টগ্রাম আঞ্চলিক স্টিয়ারিং কমিটির ব্যানারে শ্রমিকরা বিমান বন্দরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে এবং সরকারের সিদ্ধান্ত প্রতিহত করতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেয়।

১ ফেব্র“য়ারি থেকে চট্টগ্রাম বিমান বন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং বিভাগ একটি থাই কোম্পানির হাতে ছেড়ে দেওযার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সমাবেশে বক্তৃতায় স্টিয়ারিং কমিটির নেতারা বলেন, তারা কোনওভাবেই বিরাষ্ট্রীয়করণ মেনে নেবেন না। তারা বলেন গ্রাউন্ড হ্যান্ডলিং বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দিলে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।

বাংলাদেশ বিমান সিবিএ, এয়ারক্র্যাফট সোসাইটি ও বাংলাদেশ বিমান শ্রমিক ইউনিয়ন সমাবেশে যোগ দেয়। এতে সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি নাজমুল ইসলাম।

কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে কোরবানি ঈদের পর কঠোরতর আন্দোলনে নামার হুমকি দেন বক্তারা।