২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘মল সন্ত্রাস’, অসহায় পথচারিরা

রাজধানীর বিভিন্ন স্থানে পাগলবেশী সন্ত্রাসীরা নিজেদের শরীরে মল মেখে পথচারিদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে। টাকা না দিলে যাত্রীদের শরীরে মল ছুঁড়ে মারার হুমকি দেয়। এদের কাছে অসহায় হয়ে পড়ছে পথচারিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 04:27 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

বেশ কিছুদিন ধরে নগরীর কিছু চিহ্নিত পয়েন্টে চলছে এরকম ‘মল সন্ত্রাস’। অটো রিকশা ও রিকশা যাত্রীদের কাছ থেকে এভাবে টাকা আদায় করছে পাগলবেশী সন্ত্রাসীরা।

নগরীর শ্যামলী--শিশুমেলা ক্রসিং, সায়েন্স ল্যাবরেটরি মোড়, কাকরাইল মোড়, বাংলা মটর, যাত্রাবাড়ী মোড়, হোটেল শেরাটন মোড় এবং পুরান ঢাকার ইংলিশ রোড ও জনসন রোডে চলছে এই মল সন্ত্রাস। ওই স্থানগুলোর ট্রাফিক পুলিশের সামনেই সাধারণ পথচারিদের এভাবে হয়রানি করা হচ্ছে। সিগন্যালে গাড়ি থামার সঙ্গে সঙ্গে মল হাতে নিয়ে হাজির হয় পাগলবেশী সন্ত্রাসী। তাদের বা হাতে ও সারা শরীরে মল মাখানো থাকে। হাতের মল দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা দাবি করে। এ অবস্থা থেকে রেহাই পেতে যাত্রীরা টাকা দিতে বাধ্য হয়। এভাবে নিরীহ যাত্রীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে প্রতিদিন বেশ মোটা অংকের টাকা আদায় করে একেকজন পাগলবেশী সন্ত্রাসী। নিরাপত্তাকর্মীরা এসব দেখেও না দেখার ভান করে।

তবে এদের শরীরে মাখানো মল নিয়ে বিস্ময়কর তথ্য দিয়েছে শ্যামলী-শিশুমেলা ক্রসিং-এর ভিক্ষুক নাছিমা। নাছিমা জানায়, ‘স্যার, ওরাতো পাগল না। ওরা বেল পঁচাইয়া হাতে আর গায়ে মাখায়। বেল পঁচলে মাইনষের গু-এর মতো  রং অয় আর গন্ধও কয়।’