জেএমবির নেতৃত্বে রদবদল, আবার সংগঠিত হচ্ছে
জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি গ্রেফতার হওয়ার পর নিষিদ্ধ এই জঙ্গী সংগঠনটির সামরিক নেতৃত্বে ব্যাপক রদবদলের আভাস পাওয়া গেছে।
একাধিক সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে জেএমবি’র হুমকি সম্বলিত চিঠিগুলোতে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে সামরিক শাখার নেতৃত্বে রদবদলের ইঙ্গিত পাওয়া যায়।
বিগত ১৪ ডিসেম্বর সানির গ্রেফতারের পরপরই সরকার দাবি করে যে জেএমবি’র নেটওয়ার্ক পুরোপুরি ভেঙ্গে গেছে। এর পর এখন পর্যন্ত বড় ধরনের কোন নাশকতা সংঘটিত না হওয়ায় সরকারের দাবি অনেকাংশে সঠিক বলে মনে হলেও সাম্প্রতিক তথ্যের প্রেক্ষিতে সংশ্লিষ্টরা আশংকা করছেন নতুন সামরিক নেতৃত্বের অধীনে তারা স্রেফ গুছিয়ে ওঠার চেষ্টা করছে।
কেননা জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও অপর নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমজেবি প্রধান বাংলাভাই এখনো পর্দার অন্তরালে থাকায় তারা পুনরায় শক্তি সঞ্চয় করে ওঠতে সক্ষম বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
গত ৩১ ডিসেম্বর র্যাব এর একটি দল রাজধানী থেকে জেএমবি’র দুই সদস্যকে বিস্ফোরকসহ গ্রেফতার করে। র্যাব সূত্র জানায়, তারা নতুন ধরণের নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।
গত শুক্রবার (৩০ ডিসেম্বর) বিটিভি ও একটি বেসরকারী চ্যানেলে জেএমবি’র সামরিক প্রধান সানির ক্ষমাপ্রার্থনা ও অস্ত্র সমপর্ণের আহ্বান সম্বলিত ভিডিও টেপটি প্রচারিত হওয়ার পরদিনই রংপুরে জেএমবি’র এক ‘এহসার’ (আত্মঘাতী দলের সদস্য) নতুন নেতৃত্বের ঘোষণা দিয়ে শহরে নতুন করে বোমা হামলার হুমকি দেয়।
“আমি নতুন নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রকাশ এবং আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে অঙ্গীকার করলাম,” এমন ঘোষণাপত্র প্রচার করে সোহাগ নামে জেএমবি’র ওই এহসার। তবে নতুন নেতৃত্বে কারা আছে, ওই চিঠিতে তা উল্লেখ করা হয়নি।
টিভিতে প্রচারিত ভিডিও চিত্রটিতে সানি জেএমবি’র পলাতক সদস্যদের অস্ত্র ও বিস্ফোরকসহ নিকটস্থ থানায় আত্মসমর্পণ করার আহ্বান জানায়। তবে এটি প্রচারিত হওয়ার দুই দিন পরও জেএমবি’র কোনো সদস্য এখন পর্যন্ত আত্মসমর্পণ করেনি বা অস্ত্র ও বিস্ফোরক জমা দেয়নি।
ওই চিঠিতে জেএমবি’র সামরিক প্রধান আতাউর রহমান সানি ও ঢাকা বিভাগের প্রধান এনায়েতউল্লাহ জুয়েল সম্পর্কে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি সংগঠনের নেতৃত্বে নতুন মুখ আসার ব্যাপারেও ঘোষণা দেওয়া হয়। চিঠিতে বলা হয়-- “আমরা বিভ্রান্ত নই। প্রশিক্ষণ পুরোদমে চলছে। আতাউর রহমান সানি ও এনায়েতউল্লাহ জুয়েল আজ বশীভূত। নতুন নেতৃত্ব মেনে নিয়ে আমরা আবার সংগঠিত হচ্ছি।”
নিষিদ্ধ এই দলটির নেতৃত্বে রদবদলের বিষয়টি একটি নিয়মিত ব্যাপার এবং অনেক আগে থেকেই হয়ে আসছে।
জেএমবি প্রতিষ্ঠা হওয়ার আগে আহলে হাদিস আন্দোলনের ব্যানারে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও তার জঙ্গী নেতা-কর্মীরা জঙ্গীবাদের ডালপালা বি¯তৃত করেছে। আহলে হাদিস আন্দোলনের ধর্মীয় গুরু ও শায়খ রহমানের পিতা ফজল মুন্সী মারা যাওয়ার পর দলের নেতৃত্ব নিয়ে কারারুদ্ধ নেতা ডাক্তার আসাদুল্লাহ আল গালিবের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আবদুর রহমান।
পরে আহলে হাদিসের একটি অংশকে নিয়ে তিনি গড়ে তোলেন জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)। জেহাদের প্রাথমিক কাজ হিসেবে রাজশাহীর বাঘমারায় জেএমবি’র মজলিশ-এ-শূরার সদস্য সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ শত শত প্রশিক্ষত জঙ্গীকে পাঠানো হয়। সেখানে তারা জেএমজেবি নাম ধারণ করে সর্বহারা নিধনের নামে হত্যা করে অসংখ্য নিরীহ মানুষকে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত বছরটির ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে জেএমবি তাদের নাশকতামূলক কাজ শুরু করে। ওই বোমা হামলায় নিহত হয় এক শিশুসহ তিন জন। গত ৩ নভেম্বর চট্টগ্রাম, লক্ষ্মীপুর এবং চাঁদপুরে একই ধরণের ধারাবাহিক বোমা হামলা চালানো হয়। ওই হামলায়ও তিনজন নিহত হয়।
জেএমবি’র উত্থানের পর তারা গত ১৪ অক্টোবর প্রথমবারের মতো আত্মঘাতী বোমা হামলা চালায়। ঝালকাঠিতে সংঘটিত ওই হামলায় দু’জন বিচারক নিহত হন।
১৮ অক্টোবর জঙ্গিদের বোমা হামলা থেকে অল্পের জন্যে বেঁচে যান সিলেটের দ্রুত বিচার আদালতের একজন বিচারক।
২৯ নভেম্বর আত্মঘাতী হামলাকারীরা গাজীপুর এবং চট্টগ্রাম আদালতে বোমা হামলা চালালে মোট ১৩ জন নিহত হয়। ১ ডিসেম্বর গাজীপুরে দ্বিতীয় দফা হামলায় একজন নিহত ও ২০ জন আহত হয়। সর্বশেষ ৮ ডিসেম্বর নেত্রকোণা আত্মঘাতি হামলায় ১০ জন নিহত এবং আহত হয় অসংখ্য নিরীহ মানুষ।
