কুমিল্লায় জেএমবি সন্দেহে আটক ১
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাহিনী বাজার থেকে রোববার সকালে জেএমবি সন্দেহে ক্বারী আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আটককৃত আমিনুলের আচরণ সন্দেহজনক দেখে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত আমিনুল ইসলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগান এলাকার বাসিন্দা।
জানা গেছে আমিনুল ইসলাম শুধু দিনের বেলা মোহিনী কিন্ডার গার্টেনে কোরআন শরীফ পড়াতে আসতেন। অন্যসময় বা রাতে তাকে দেখা যেত না।
এদিকে আটককৃত আমিনুল ইসলাম জানিয়েছে, সে গত ছয় মাস ধরে এ এলাকায় মহিলাদের কোরআন শিক্ষা দিচ্ছে এবং তার মতো আরও ৪৭ ব্যক্তি কুমিল্লার বিভিন্ন স্থানে এ কাজে নিয়োজিত রয়েছে।
