মিষ্টির প্যাকেটে বোমা বহনের সময় গ্রেপ্তারকৃত উদয় ও আরিফ ৭ দিনের রিমান্ডে
থার্টি ফাস্ট নাইটে বোমা হামলার উদ্দেশ্যে মিষ্টির প্যাকেট ও ফুলের তোড়ায় বোমা ও বোমা তৈরির সরঞ্জাম বহনকালে আটক উদয় (১৯) ও আরিফকে (৩০) ঢাকার সিএমএম আদালত থেকে সোমবার সাত দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে রমনা থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সেপেক্টর আবদুল্লাহ হেল বাকী অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্যে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম শফিক আনোয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির সময় অভিযুক্তদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।
শুনানির সময় অভিযুক্ত হাফেজ আহাম্মদ কাদের মইনুদ্দীন উদয় আদালতকে জানায়, সে জেএমবির সদস্য নয়। সে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র এবং ৬ জানুয়ারি তার ভর্তি পরীক্ষা। সে কারণে তাকে রিমান্ডে না নেয়ার অনুরোধ জানায় উদয়।
এদিকে শেখ আরিফ উদ্দিন আহমদ আদালতকে জানায়, সে একজন ব্যবসায়ী। সে উদয়কে চেনে না। তাকে সাজানো ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারে সময় তার সাথে একটি মোটর সাইকেল, মোবাইল ফোন ও টাকা ছাড়া আর কিছু ছিল না বলে সে আদালতকে জানায়।
অভিযুক্তদের এ বক্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে বলা হয়, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে অভিনব কায়দায় বোমা হামলার প্রস্তুতি নেয়ার সময় ধরা পড়েছে। তাদের অপরাধ আড়াল করার জন্যে তারা আদালতে মিথ্যা বলছে। তারা জেএমবির সদস্য। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং বোমার উৎস ও পুরো চক্রের রহস্য উন্মোচনে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
রিমান্ড প্রতিবেদনে বলা হয়, উদয় চট্টগ্রামের হাটহাজারি থানার উত্তর মাদ্রাসা এলাকার শাহাবুদ্দিন আহম্মদের ছেলে। আর শেখ আরিফের বাড়ি বাগেরহাটের কচুয়া থানার কামারগাতি এলাকায়।
৩১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মগবাজারের সেবিকা হোটেলের সামনে থেকে মিষ্টির প্যাকেট ও ফুলের তোড়ার মধ্যে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আরিফকে র্যাব-২ গ্রেপ্তার করে। পরে তার ভাষ্য অনুয়ায়ী ইস্টার্ন প্লাজার সামনে থেকে উদয়কে আটক করা হয়।
