বিএম কলেজের ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন
বরিশালের সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয় (বিএম) কলেজের বাংলা বিভাগের ছাত্রীকে গণধর্ষণের দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মো. জাহাঙ্গীর হোসেন জনাকীর্ণ আদালতে সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। আসামীরা হল কামরুল হাসান এবং ছগির। এরমধ্যে কামরুল হাসান পলাতক রয়েছে।
২০০৪ সালের ৩০ মার্চ বিএম কলেজের বাংলা ২য় বর্ষের ছাত্রী নাজমা বিএম কলেজ এলাকায় আসামীদের দ্বারা গণধর্ষণের শিকার হয়। পরে নাজমা বাদী হয়ে কোতয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
