২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পান্না হত্যা মামলা প্রত্যাহারে চাপ দিচ্ছে সালিশ কমিটি

মিরপুরের টাইটেনিক গার্মেন্টসের শ্রমিক পান্নার হত্যাকারীদের বাঁচাতে তৎপর হয়ে উঠেছেন সালিশ কমিটির কয়েকজন সদস্য। সামান্য ক্ষতিপূরণের বিনিময়ে সমঝোতার জন্য তারা পান্নার পরিবারকে চাপ দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 04:51 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ অভিযোগ করা হয়।

টাইটেনিক গার্মেন্টস শ্রমিক পান্না হত্যার বিচার, গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫০০ টাকা এবং ঈদ বোনাস প্রদানের দাবিতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, পান্না হত্যার পর শ্রমিক বিক্ষোভ থামাতে বিজিএমইএ সালিশ কমিটির সদস্য তৈহিদুর রহমান, সালাউদ্দিন স্বপন, এম দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আসমা আক্তারকে উৎকোচ দেয়। উৎকোচ পেয়ে তারা পান্নার পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে একটি সমঝোতা চুক্তিতে সই করিয়ে নেয়। পরবর্তীতে পান্নার চাচা সেন্টু বাদি হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলা প্রত্যাহার করে সমঝোতায় আসার জন্য তাকেও হুমকি দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রমিক নেতাদের মোটা অংকের টাকা দিয়ে বিজিএমইএ ‘নারী শ্রমিকদের জন্য রাত্রিকালীন কাজ বৈধ’ করতে বেআইনিভাবে একটি সমঝোতা চুক্তি করিয়ে নিয়েছে।

সম্মেলন থেকে গার্মেন্টস শ্রমিকদের মজুরি রোয়েদাদ ঘোষণা এবং ঈদের আগে ঈদ বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ পান্না হত্যার বিচারের দাবিতে আগামী ৬ জানুয়ারি বিকেল ৩টায় মিরপুর ৭নং সেকশনে শ্রমিক জনসভা এবং ১ ফেব্র“য়ারি বিজিএমইএ ঘেরাও কর্মসূচিও ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন বাহরানে সুলতানা বাহার। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সমন্বয়কারী আলমগীর রনি, কেন্দ্রীয় নেতা আবুল হোসেন, অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল, সর্দার খোরশেদ, মঈনউদ্দিন ম-ল, নজরুল ইসলাম সবুজ ও গোলাম রাব্বানী জামিল।

উলেখ্য, ৩০ ডিসেম্বর মিরপুর ৭ নং সেকশনে টাইটেনিক গার্মেন্টসের কিশোর শ্রমিক পান্না শীত নিবারণের জন্য একটি গেঞ্জি পরায় তাকে পিটিয়ে হত্যা করা হয়।